এসএমই পণ্য অনলাইনে বিক্রিতে বিসিক ও ঐক্য স্টোরের চুক্তি

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:০২

করোনা মহামারি পরিস্থিতিতে উদ্যোক্তাগণের উত্পাদিত পণ্য অনলাইন মার্কেটিং প্ল্যাটফরম ঐক্য স্টোরের মাধ্যমে বিপণনের জন্য বাংলাদেশ ক্ষুদ্র ও কুটিরশিল্প করপোরেশন (বিসিক) এবং ঐক্য ফাউন্ডেশনের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের উত্পাদিত পণ্য বাজারজাতকরণ, সেমিনার, কর্মশালা, গোলটেবিল বৈঠক আয়োজনসহ বিসিকের কার্যক্রমের প্রচার প্রচারণায় একসঙ্গে কাজ করবে বিসিক ও ঐক্য ফাউন্ডেশন। বৃহস্পতিবার বিসিক সম্মেলন কক্ষে বিসিক সচিব মোস্তাক আহমেদ এবং ঐক্য ফাউন্ডেশনের চেয়ারম্যান দেওয়ান মাহফুজুল হক সমঝোতা স্মারক স্বাক্ষর করেন। অনুষ্ঠানে বিসিক চেয়ারম্যান বলেন, উদ্যোক্তাগণের মাধ্যমে করোনা মহামারির ক্ষতি কিছুটা হলেও পুষিয়ে উঠতে পারবেন।