ঘোড়াশালে ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বসতঘরে, শিশু নিহত

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৪৯

পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকায় শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশের এপ্রোস সড়ক থেকে রসুন বোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে একটি বসতঘরের ভেতর ঢুকে পড়ে। এ সময় ট্রাকের নিচে চাপা পড়ে ঘরে ঘুমন্ত শিশু ঝিনুক (৭) নিহত হয়। বৃহস্পতিবার ভোর ৪টায় ঘোড়াশাল পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। পলাশ উপজেলার ফায়ার সার্ভিসের সিনিয়র অফিসার মো. সাদিকুল বারী জানান, গাজীপুর থেকে নরসিংদীগামী ট্রাক ঘোড়াশাল শহীদ ময়েজউদ্দিন সেতুর পূর্ব পাশে নিয়ন্ত্রণ হারিয়ে পৌর এলাকার দক্ষিণ চরপাড়া গ্রামের মো. শফিক মিয়ার ঘরের ভেতর ঢুকে পড়ে। এ সময় ছোট মেয়ে ঝিনুক মারা যায় এবং শফিক মিয়া, তার স্ত্রী রুমা বেগম, বড় মেয়ে শাহাজাদী ও ঝিনুকের নানা নূর হোসেন গুরুতর আহত হন।  তাদের প্রথমে ঘোড়াশাল রওশন জেনারেল হাসপাতালে ও পরে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করা হয়। পলাশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মো. নাসির উদ্দিন জানান, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে।