একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগকে অভিনন্দন জানিয়েছে কমিউনিস্ট পার্টি অব চায়না (সিপিসি)। গতকাল শনিবার সিপিসির শুভেচ্ছা জানানো একটি চিঠি পেয়েছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটি উপ-দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া।
চিঠিতে বলা হয়েছে, নির্বাচনে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে সিপিসি আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছে। সিপিসির সঙ্গে আওয়ামী লীগের দীর্ঘদিনের রাজনৈতিক দিকনির্দেশনা চীন ও বাংলাদেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। চীন-বাংলাদেশ সম্পর্ক উন্নয়নে সিপিসি সহযোগিতার হাত বাড়াতে সব সময় প্রস্তুত রয়েছে। যাতে পারস্পরিক শ্রদ্ধা ও অংশীদারিত্বের সম্পর্ক প্রসারিত হয়ে চীন-বাংলাদেশ সম্পর্ক আরও অনন্য উচ্চতায় যেতে পারে।
এদিকে মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সুলতান কাবুস বিন সাইদ আল সাইদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়েছেন। এক অভিনন্দন বার্তায় ওমানের সুলতান বলেন, দুই দেশের জনগণের কল্যাণের জন্য দ্বিপক্ষীয় সম্পর্ক সামনে এগিয়ে নিতে চাই। আগামী দিনে বাংলাদেশের অগ্রগতি ও সমৃদ্ধি অর্জনের ক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাফল্য কামনা করেন তিনি।
