রাঙ্গামাটিতে জনসংহতির লারমা গ্রুপের কর্মীকে গুলি করে হত্যা

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৬

রাঙ্গামাটির বাঘাইছড়ি পৌর এলাকার বাবুপাড়ায় জনসংহতি সমিতির এমএন লারমা সংস্কার গ্রুপের একজন কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম বসু চাকমা (৪০)। শুক্রবার রাত ৮টার দিকে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে অস্ত্র-গুলি উদ্ধার করেছে। এই হামলার পর এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এম এ মঞ্জুর জানান, হামলার সময় বসু চাকমা বাসায় অবস্থান করছিলেন। একদল দুর্বৃত্ত অতর্কিতে হামলা চালায়। মাথা ও শরীরে গুলি লাগলে ঘটনাস্থলে তিনি নিহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বসুর মরদেহ এবং একটি পিস্তল ও একনলা বন্দুক, ২ রাউন্ড গুলি, নয়টি গুলির খোসা উদ্ধার করে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি হাসপাতালে পাঠানো হয়েছে। তবে নিহতের পক্ষ থেকে থানায় এখনো কোনো অভিযোগ দায়ের করা হয়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

জনসংহতি সমিতির এমএন লারমা সংস্কার গ্রুপের বাঘাইছড়ি শাখার সাংগঠনিক সম্পাদক জসি চাকমা এ ঘটনার জন্য প্রতিপক্ষ পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসকে দায়ী করেছে। তবে অভিযোগ অস্বীকার করেছে জেএসএস।