বিএমপির করোনা আক্রান্ত ২০৯ পুলিশ সদস্যের সুস্থ হয়ে কাজে যোগদান

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২১:৫৩

বরিশাল মেট্রোপলিটনে (বিএমপি) করোনা আক্রান্ত ২০৯ জন পুলিশ সদস্য সুস্থ হয়ে পর্যায়ক্রমে কাজে যোগদান করেছেন। এদিকে গতকাল বৃহস্পতিবার তৃতীয়বারে ৭৪ করোনা জয়ী পুলিশ সদস্যকে কাজে যোগদানের পূর্বে মেট্রোপলিটন পুলিশ লাইন্সের ড্রিল সেডে সংবর্ধনা প্রদান করেন বিএমপি কমিশনার মো. শাহাবুদ্দিন খান, বিপিএম (বার)। এ সময় ইতিপূর্বে করোনা জয়ী বিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিমসহ উপ-পুলিশ কমিশনার (সদর) আবু রায়হান মুহাম্মদ সালেহ, উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) জাকির হোসেন মজুমদার, উপ-পুলিশ কমিশনার (ডিবি) মো. মনজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন। সংবর্ধনাকালে বিএমপি কমিশনার করোনাযুদ্ধে শাহাদতবরণকারী সব পুলিশ সদস্যের জন্য দোয়া ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

বিএমপির আইসিটি অ্যান্ড মিডিয়া সেল শাখার কর্মকর্তা ওবায়দুল হক জানান, এ পর্যন্ত মোট ২৪৫ জন পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ২০৯ জন সুস্থ হয়ে কাজে যোগদান করেছেন। বাকি ৩৬ জন আইসোলেশনে এবং চিকিত্সাধীন রয়েছেন।