পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে স্থানীয় সরকার মন্ত্রীর নির্দেশ

আপডেট : ২৩ জুলাই ২০২০, ২২:২৭

আসন্ন কোরবানির ঈদে পশুর হাটে স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য সংশ্লিষ্ট সবাইকে নির্দেশ দিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার মন্ত্রণালয়ের নিজ কক্ষে ‘পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি এবং দ্রুত বর্জ্য অপসারণ নিশ্চিত’ শীর্ষক এক অনলাইন সভায় মন্ত্রী এই নির্দেশ দেন।

স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘জেলা প্রশাসক, ইউএনও এবং জনপ্রতিনিধিসহ সংশ্লিষ্ট সবাই কীভাবে যথাযথ স্বাস্থ্যবিধিসহ অন্যান্য সরকারি নির্দেশনা মেনে পশুর হাট আয়োজন করা যায়, এ ব্যাপারে যৌথভাবে সিদ্ধান্ত নেবেন। করোনার বিস্তার রোধে পশুর হাটে লোক সমাগম কমাতে কোনো বিস্তীর্ণ এলাকায় পশুর হাট বসালে ভালো হবে, নাকি ছোট ছোট করে বিভিন্ন জায়গায় বসালে ভালো হবে, সবদিক বিবেচনায় নিয়ে স্থানীয় সরকার বিভাগের অধীন প্রতিষ্ঠান এবং স্থানীয় প্রশাসনকে হাট আয়োজন করতে বলা হয়েছে।

অনলাইনে বা ডিজিটাল প্ল্যাটফরম থেকে কোরবানির পশু কেনাবেচার আহ্বান পুনর্ব্যক্ত করে স্থানীয় সরকার মন্ত্রী বলেন, ‘ঈদ উপলক্ষ্যে সীমিত পরিসরে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে কোরবানির পশুর হাট আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পশুর হাটে কীভাবে স্বাস্থ্যবিধি মানা হবে, স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ সংক্রান্ত একটি গাইডলাইন তৈরি করা হয়েছে।’ করোনার বিস্তার রোধে স্থানীয় সরকার বিভাগ, স্বাস্থ্য অধিদপ্তর এবং সরকারের নির্দেশনা মেনে হাটে পশু বেচাকেনা করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানান তিনি। স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সচিব হেলালুদ্দীন আহমদের সঞ্চালনায় সভায় ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনসহ সব সিটি করপোরেশনের মেয়র, বিভাগীয় কমিশনার এবং বিভিন্ন মন্ত্রণালয়ের সচিব অংশ নেন।