গাজীপুরে স্ত্রীর লাশ সেপটিক ট্যাঙ্কে স্বামী পলাতক

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৫১

গাজীপুর নগরীর ভাওরাইদ উত্তরপাড়া এলাকায় স্ত্রীকে শ্বাসরোধে হত্যার পর লাশটি সেপটিক ট্যাঙ্কে ফেলে স্বামী পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। নিহত ওই নারীর নাম আফরোজা বেগম (২২)। পলাতক স্বামীর নাম মো. শাহজাহান মিয়া। শুক্রবার মধ্যরাতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ শনিবার সকালে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

নিহতের মামা একামত হোসেন জানান, নিহত আফরোজা গাইবান্ধা সদরের জিকা বাড়ি এলাকার বিল্লাল হোসেনের মেয়ে। আর শাহজাহান মিয়ার বাড়ি জামালপুরের সানন্দাবাড়ির মণ্ডলপাড়া এলাকায়। ৭/৮ বছর আগে তাদের বিয়ে হয়। তাদের ঘরে ৬ বছর বয়সী এক কন্যা রয়েছে। আফরোজা স্থানীয় সালনা এলাকার শ্যামলী গার্মেন্টে চাকরি করত এবং শাহজাহান স্থানীয় জোলারপাড়ে এক স্টিল মিলে চাকরি করেন। তারা সপরিবারে ভাওরাইদের মুকুল হোসেনের বাড়িতে ভাড়া থাকেন। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে তারা কর্মস্থল থেকে বাসায় ফিরেন। এসময় তার কন্যা ওই বাসার অদূরে দাদীর বাসায় ছিল। রাত সাড়ে ১২টার দিকে বাড়ির পাশের একটি সেপটিক ট্যাঙ্কের ঢাকনা খুলে আফরোজার লাশটি শাহজাহানকে ফেলে দিতে দেখেন স্থানীয় দুই ব্যক্তি। ঘটনাটি কাউকে   না বলার জন্য তাদের হাতে-পায়ে ধরে অনুরোধ জানান শাহজাহান। পরে তারা ঘটনাটি নিহতের স্বজনদের জানান। এসময় কৌশলে শাহজাহান এলাকা ছেড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ শনিবার ভোরে লাশটি উদ্ধার করে হাসপাতাল পাঠায়। 

গাজীপুর সদর থানার এসআই মো. রিয়াজ জানান, নিহতের গলায় শ্বাসরোধ করে হত্যার চিহ্ন রয়েছে। ঘটনাটি হত্যা না আত্মহত্যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর জানা যাবে। দাম্পত্য কলহের জেরে ওই ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।