চীনের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৫২

চীনের সশস্ত্র বাহিনীকে যুদ্ধের জন্য প্রস্তুতি নিতে বলেছেন প্রেসিডেন্ট শি জিনপিং। শুক্রবার সশস্ত্র বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে শি জিনপিং এই নির্দেশ দেন। এর আগে তাইওয়ানের প্রেসিডেন্ট সাই-ইং-ওয়েন চীনের হুমকি মোকাবেলায় আন্তর্জাতিক সহায়তা চান। খবর রয়টার্সের

বৈঠকে প্রেসিডেন্ট শি জিনপিং বলেন, যে কোনো সময় যুদ্ধের জন্য চীনের সশস্ত্র বাহিনীকে প্রস্তুত থাকতে হবে এবং নিজেদের ক্ষমতাকে শক্তিশালী করতে হবে। দক্ষিণ চীন সাগর এবং তাইওয়ানের সঙ্গে সম্পর্ক নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা অনেক আগে থেকেই। নতুন করে বাণিজ্য যুদ্ধ শুরু হয়েছে দুই প্রভাবশালী দেশের মধ্যে। কর্মকর্তাদের উদ্দেশ্যে প্রেসিডেন্ট শি বলেন, চীনের ঝুঁকি এবং চ্যালেঞ্জ দু’টোই বাড়ছে। ফলে সশস্ত্র বাহিনীকে দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং নিরাপত্তা দু’টোকেই গুরুত্ব দিতে হবে। চীনের সেন্ট্রাল মিলিটারি কমিশনের   চেয়ারম্যান শি বলেন, নতুন যুগে নতুন যুদ্ধের কৌশল আয়ত্ব করতে হবে এবং যুদ্ধের জন্য প্রস্তুত থাকতে হবে সামরিক বাহিনীকে।

দক্ষিণ চীন সাগরে আঞ্চলিক বিরোধ সত্ত্বেও চীন সেনা উপস্থিতি জোরদার করতে চাইছে। এছাড়া তাইওয়ানসহ আরো একাধিক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের মতবিরোধ বাড়ছে। ফলে চীনের জন্য ঝুঁকি ও চ্যালেঞ্জ বাড়ছে। গত বুধবার চীনা প্রেসিডেন্ট বলেছিলেন, তাইওয়ান অবশ্যই চীনের অংশ হিসেবে থাকবে। জবাবে চীনের আগ্রাসন থেকে গণতন্ত্র বাঁচাতে আন্তর্জাতিক সহায়তা চান তাইয়ানের প্রেসিডেন্ট।