ব্রিজ নেই, পাতিল দিয়েই নদী পার হলেন অন্তঃসত্ত্বা নারী

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১২:৪০

সন্তানের জন্ম দেয়ার জন্য বড় পাতিল দিয়েই কষ্ট করে নদী পার হয়ে হাসপাতালে ভর্তি হন এক নারী। কষ্ট করে হাসপাতালে পৌঁছেও পাননি  পর্যাপ্ত চিকিৎসা।  আর এমন ঘটনার পর শেষ পর্যন্ত ওই নারী একটি মৃত সন্তানের জন্ম দিয়েছেন বলে জানা গেছে । এই ঘটনা ঘটেছে ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুর জেলায়। 

জানা গেছে, লক্ষী যালাম নামের  অন্তঃসত্ত্বা ওই নারীকে তার পরিবারের সদস্যরা চিন্তাওয়াগু নামের একটি নদী পার করে ভারতের ছত্তিশগড় রাজ্যের বিজাপুরের ভোপালপাত্নাম কমিউনিটি হেলথ সেন্টারে নিয়ে আসেন। ওই নদীতে ব্রিজ না থাকায় বাধ্য হয়েই তারা এমনটি করেন। হাসপাতালের পৌঁছানোর পরেও ওই  অন্তঃসত্ত্বা নারীর চিকিৎসায় অবহেলার অভিযোগ তুলেছেন পরিবারের সদস্যরা। 

যালাম লক্ষীর বোন বলেন, আমরা তাকে বাড়ি থেকে ১৫ কিলোমিটার দূরে একটি হাসপাতালে ভর্তি করাই। পরের দিন তারা প্রসব বেদনা উঠে। তবে চিকিৎসক এবং নার্সরা বলছিলেন যে তার প্রসবের সময় হয়নি। এরপরই সে মৃত সন্তানের জন্ম দেন। 

এ বিষয়ে ভোপালপাত্নামের মেডিক্যাল কর্মকর্তা অজয় রামতেকে বলেন, আমরা এ নিয়ে চিকিৎসক এবং নার্সদের কারণ দর্শানোর নোটিস দিয়েছি।   এই ব্যাপারে একটি চিঠি উচ্চপর্যায়ের কর্মকর্তাদের কাছে পাঠিয়েছি যাতে তারা পরবর্তী ব্যবস্থা নেন। 

ইত্তেফাক/এআর