যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ার একটি গেমস সেন্টারে গোলাগুলিতে অন্তত ৩ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৪ জন। শুক্রবার গভীর রাতে লস অ্যাঞ্জেলসের টরেন্স উপকূলের গ্যাবল হাউস নামের একটি বোলিং অ্যালেতে এ ঘটনা ঘটে। সন্দেহভাজন হামলাকারীদের খোঁজে অনুসন্ধানে নেমেছে পুলিশ। খবর সিএনএনের
ঘটনাস্থলটি দক্ষিণ লস অ্যাঞ্জেলস শহর থেকে ৪০ কিলোমিটার দূরে। বোলিং অ্যালেটি রাত তিনটা পর্যন্ত খোলা থাকে। পুলিশ টুইটারে জানায়, বৌলিং অ্যালেটিতে গোলাগুলি শুরু হয়েছে বলে গভীর রাতে ফোন করে জানানো হয়। পরে ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পুলিশ। তিন ব্যক্তি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। আহতদের দুইজনকে স্থানীয় হাসপাতালে এবং অপর দুইজন নিজেরা নিজেদের চিকিত্সার ব্যবস্থা গ্রহণ করেন। বোলিং করার সময় হাউসটির ভেতরে হামলাকারীকে তর্কাতর্কি করতে দেখেন এক বোলার। এরপরই গুলিবর্ষণ শুরু হয়। পুলিশ জানিয়েছে, হামলাকারীর পরিচয় এখনো পাওয়া যায়নি। উল্লেখ্য, বন্দুক সংশ্লিষ্ট সহিংসতায় গত বছরে যুক্তরাষ্ট্রে ১৪ হাজার ৬শ’ ১৮ জনের মৃত্যু হয়েছে।
