কারাবন্দি বিএনপি নেতা মনিরুল হক চৌধুরীর অবস্থা সংকটাপন্ন

আপডেট : ০৫ জানুয়ারি ২০১৯, ২২:৫৩

জাতীয় ঐক্যফ্রন্টের অন্যতম সমন্বয়ক, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কারাবন্দি নেতা মনিরুল হক চৌধুরীর অবস্থা সংকটাপন্ন। গুরুতর অসুস্থ অবস্থায় শনিবার তাঁকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে স্থানান্তর করা হয়েছে এবং সেখান থেকে উন্নত চিকিত্সার জন্য তাঁকে আজ রবিবার বঙ্গবন্ধু মেডিক্যালে নিয়ে যাওয়া হবে। কুমিল্লা কেন্দ্রীয় কারাগার ও মনিরুল হক চৌধুরীর পারিবারিক সূত্রে এ তথ্য জানা গেছে।

কারাগার সূত্র জানায়, সাবেক এমপি মনিরুল হক চৌধুরী ডায়াবেটিস, হূদরোগ, দেহের বিভিন্ন জয়েন্ট ও মেরুদণ্ডে ব্যথাসহ নানা রোগে আক্রান্ত। কারাবন্দি নেতার মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. চৌধুরী সায়মা ফেরদৌস বলেন, ‘আমার বাবা বয়োবৃদ্ধ। সম্পূর্ণ রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে একের পর এক মিথ্যা ও গায়েবি মামলায় তিনি গত বছরের ২৪ অক্টোবর থেকে কারাগারে বন্দি আছেন। নানা জটিল রোগে আক্রান্ত হয়ে তাঁর জীবন সংকটাপন্ন হয়ে পড়েছে, টানাহেঁচড়ায় যে কোনো সময় তিনি মারাও যেতে পারেন। এর বিচারটা আমরা কার কাছে চাইব? আমরা অবিলম্বে তাঁর মুক্তির দাবি জানাচ্ছি।’