লোহাগাড়ায় ৫৫ হাজার ইয়াবাসহ ২ জন আটক

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৭:১৫

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় বৃহস্পতিবার (২৩ জুলাই) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অভিযান চালিয়ে ২ জনকে আটক করেছে পুলিশ। এ সময়ে আটককৃত জনি চক্রবর্তীর কাছ থেকে ৫০ হাজার পিচ ইয়াবা ও মো: রাসেলের কাছ থেকে ৫ হাজার পিচ ইয়াবাসহ মোট ৫৫ হাজার পিচ ইয়াবা উদ্ধার করা হয়। পুলিশ পাচার কাজে ব্যবহার করা জনি চক্রবর্তীর প্রাইভেট কার ও ১টি পিকআপ জব্দ করে।

শুক্রবার (২৪ জুলাই) সকালে সাতকানিয়া  সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্লা সাংবাদিকদেরকে বিষয়টি প্রেস ব্রিফিং-এ জানিয়েছেন। এ সময়ে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম উপস্থিত ছিলেন ।

আটককৃত হলেন চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলার পোমরা ইউনিয়নের বুড়ির দোকান এলাকার হারাধন চক্রবর্তীর ছেলে জনি চক্রবর্তী (২১) কুমিল্লা জেলার কোতেয়ালী কাপতান এলাকার বাবুল মিয়ার ছেলে মো: রাসেল (৩২)।      

জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সাতকানিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হাসানুজ্জামান মোল্যার নির্দেশে ওসি জাকের হোসাইন মাহমুদ, পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: রাশেদুল ইসলাম ও এসআই গোলাম কিবরিয়ার নেতৃত্বে পুলিশের একটি টীম চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহার দিঘীর পাড় এলাকায় একটি প্রাইভেট কার এবং  একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫৫ হাজার ইয়াবাসহ তাদেরকে আটক করে।

আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে বলে ওসি জাকের হোসাইন মাহমুদ জানান। 

 

ইত্তেফাক/এমএএম