নাস্তিক আসাদ নূরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে : বাবুনগরী 

আপডেট : ২৪ জুলাই ২০২০, ১৮:১১

ইসলাম ধর্মকে নিয়ে ব্লগার আসাদ নূর আবারও জঘন্য কটূক্তি করেছেন জানিয়ে অবিলম্বে তার গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন দারুল উলূম হাটহাজারী মাদ্রাসার স্বনামধন্য মুহাদ্দিস ও হেফাজতে ইসলামের মহাসচিব শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী।

 

শুক্রবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘‘স্বঘোষিত নাস্তিক আসাদ নূর তার ভিডিওতে মহান আল্লাহর শানে চরম বেয়াদবি করে বলেছে- ‘আল্লাহ কিছু করতে পারে না এবং পবিত্র ধর্ম ইসলাম ধর্ম করোনাভাইরাসের চেয়েও ভয়ঙ্কর’। দেড়শো কোটি মুসলমানের প্রাণের স্পন্দন হযরত মুহাম্মদ (সা.)এর নাম বেয়াদবির সাথে উচ্চারণ করে এই কুলাঙ্গার তাঁকে ডাকাত ও ভণ্ড নবি বলার জঘন্য স্পর্ধা দেখিয়েছে৷ ইসলামের গুরুত্বপূর্ণ বিধান পবিত্র হজ্জকে নিয়েও কুরুচিপূর্ণ মন্তব্য করেছে সে।’’ 

 

বাবুনগরী বলেন, কুলাঙ্গার আসাদ নূর বারবার ইসলামধর্ম ও মুসলমানদের বিরুদ্ধে জঘন্য কটূক্তি ও কুৎসা রটিয়ে বাংলাদেশের সুন্দর সাম্প্রদায়িক সম্প্রীতি ও সামাজিক সহাবস্থানকে বিনষ্ট করার ষড়যন্ত্র করছে। সে ইসলামী চেতনাবোধ ও বিশ্বাসের বিরুদ্ধে জঘন্য বিষোদ্গার করে যাচ্ছে। সে ঘৃণার চর্চা করে দেশে বিশৃঙ্খলা সৃষ্টি করতে বাংলাদেশের শত্রুদের ক্রীড়নক হয়ে কাজ করছে। বাংলাদেশের শান্তিপূর্ণ সামাজিক সহাবস্থান ও সাম্প্রদায়িক সম্প্রীতি অটূট রাখার স্বার্থে নাস্তিক আসাদ নূরকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সর্বোচ্চ কঠোর শাস্তি দিতে হবে। পাশাপাশি তাকে ইন্ধন যোগাতে পর্দার আড়াল থেকে কারা কারা কলকাঠি নাড়ছে, সঠিক অনুসন্ধান করে সেটা খুঁজে বের করতে হবে। যাতে আগামীতে এ ধরণের চক্রান্তে শামিল হওয়ার সুযোগ ও দুঃসাহস কেউ দেখাতে না পারি। 

 

ইত্তেফাক/এএম