খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলায় নিজের বাসা থেকে প্রসুতির চিকিৎসার নামে ডেকে নিয়ে নুর মোহাম্মদ টিপু নামে এক পল্লী চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে। তাকে ডেকে নেওয়ার অন্তত ১০ ঘণ্টা পর খাগড়াছড়ি-ঢাকা আঞ্চলিক সড়কের সাপমারা ব্রিজের নিচ থেকে ঐ চিকিৎসকের হাত পা বাঁধা ও উলঙ্গ লাশ উদ্ধার করে পুলিশ। নিহত নুর মোহাম্মদ টিপু খাগড়াছড়ির মাটিরাঙা পৌরসভার ২নং ওয়ার্ডের সিলেটি পাড়ার বাসিন্দা।
নিহতের স্ত্রী জোহরা আক্তার ও স্বজনরা জানান, গত বৃহস্পতিবার রাতে ঘরেই ছিলেন নুর মোহাম্মদ টিপু। ভোর সাড়ে চারটার দিকে স্বজনের অসুস্থতার কথা বলে তাকে বাসা থেকে ডেকে নিয়ে যায় তিন অজ্ঞাতনামা উপজাতীয় যুবক। রাত গড়িয়ে সকাল হলেও নুর মোহাম্মদ ফিরে না আসায় তার স্ত্রী তাকে ফোন দিলে তার মুঠোফোনটি বন্ধ পাওয়ায় তাদের মধ্যে সন্দেহ ও আশঙ্কার সৃষ্টি হয়। বিষয়টি স্থানীয় পুলিশকে জানানো হয়। বেলা দেড়টার দিকে স্থানীয় লোকজন লাশ দেখে পুলিশকে দেয়।
সহকারী পুলিশ সুপার মোঃ খোরশেদ আলম জানান, জড়িতদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে। টিপুর শরীরে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
ইত্তেফাক/এএম
