‘সরকারের গেজেট মোতাবেক মজুরি না দেওয়া, অবৈধভাবে ছাঁটাই ও শ্রমিকদের উপর নির্যাতনের’ প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছেন ক্রোনী গ্রুপের অবন্তী কালার লিমিটেড নামক রফতানিমুখি পোশাক কারখানার শ্রমিকরা। শনিবার দুপুরে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করেন উক্ত কারখানার দুই শতাধিক শ্রমিক। শ্রমিকদের বিক্ষোভে সংহতি জানিয়ে সেখানে আরও উপস্থিত ছিলেন জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়কারী তরিকুল সুজন, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের কেন্দ্রীয় নেতা দুলাল সাহা, জেলা গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন, জেলা ছাত্র ফেডারেশনের সভাপতি শুভদেব, সাধারণ সম্পাদক ইলিয়াস জামান।
ক্রোনী গ্রুপের অবন্তী কালার কারখানার বিক্ষোভরত শ্রমিক সবুজ অভিযোগ করে বলেন, নভেম্বর মাসে আমাদের মধ্যে ১ হাজার ৪৫ জনকে চাকরি থেকে অবৈধভাবে ছাঁটাই করে দেওয়া হয়। এরপর ডিসেম্বর মাসে আরো ২০০ থেকে ৩০০ জন শ্রমিককে ছাঁটাই করা হয়। ছাঁটাইয়ের পূর্বে বকেয়া বেতন দেবে বলে তারা সকল শ্রমিকের স্বাক্ষর নেয়। শ্রমিকরা এর প্রতিবাদ করলে তাদের মারধর করা হয়। নারী শ্রমিক রোকসানা অভিযোগ করে বলেন, আমাদের উপর অনেক নির্যাতন করা হতো। আমাদের উপর কাজের চাপ দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। সময়মতো কাজ করতে না পারলে আমাদের মারধর করা হয়। প্রতিদিন আমাদের দিয়ে ওভার টাইম করানো হয় কিন্তু সেই মজুরি দেওয়া হয় না। প্রতিদিন সকাল ৮টা থেকে রাত ১২টা পর্যন্ত আমরা কাজ করি। সমাবেশে বক্তারা বলেন, মালিকরা শ্রমিকদের ন্যায্য মজুরি, সুযোগ-সুবিধা দেয় না। মালিকপক্ষের বিরুদ্ধে কেউ কথা বলতে গেলে তাকে তারা লাঠিপেটা করছে, ভয় দেখাচ্ছে। আমরা যেখানে বাস করি সেখানে সন্ত্রাসী বাহিনী পাহারা দিচ্ছে। তারা শ্রমিকদের ন্যায্য মজুরী প্রদান, অবৈধ ছাঁটাই বন্ধ এবং ছাঁটাইকৃতদের পুনরায় চাকরিতে নেওয়ার দাবি জানান। অন্যথায় তাদের আন্দোলন অব্যাহত থাকবে বলে উল্লেখ করেন।
