রাজধানীর তুরাগের দিয়াবাড়ি এলাকায় র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই ব্যক্তি নিহত হয়েছেন। তারা হলেন, ইব্রাহিম খলিল (৪৬) ও ওমর ফারুক (৩৫)। গতকাল শুক্রবার ভোরের দিকে এ ঘটনা ঘটে। র্যাবের দাবি, নিহতরা মাদক কারবারে জড়িত। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। র্যাব-১ এর সহকারী পুলিশ সুপার মো. কামরুজ্জামান বলেন, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক কারবারি চক্রের সদস্য। ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় খলিলের বিরুদ্ধে ১৫টি এবং ওমর ফারুকের বিরুদ্ধে ১৪টি মাদক মামলা রয়েছে। খলিলের বাড়ি নরসিংদী আর ফারুকের বাড়ি ভোলার চরফ্যাশনে। তারা দুই জন দুই জেলার বাসিন্দা হয়েও এক সঙ্গে কীভাবে মাদক কারবারে জড়ালো জানতে চাইলে র্যাব কর্মকর্তা বলেন, মাদক সিন্ডিকেটের সদস্যরা সারাদেশে সক্রিয়। ঢাকা থেকে তারা দেশের বিভিন্ন এলাকায় মাদক কারবার করে থাকে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তুরাগ থানার দিয়াবাড়ি এলাকায় র্যাবের চেকপোস্টে তল্লাশি অভিযান চালানো হয়। এ সময় ঐ দুই ব্যক্তি মোটরসাইকেল দিয়ে যাওয়ার সময় র্যাব তাদের থামার জন্য সংকেত দেয়। তারা না থেমে র্যাবকে চ্যালেঞ্জ করে পালানোর চেষ্টা করে। এক পর্যায়ে তারা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র্যাবও পালটা গুলি ছুড়লে তারা গুলিবিদ্ধ হন। পরে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক দুই জনকে মৃত ঘোষণা করেন।
র্যাব জানায়, অভিযানের পর ঘটনাস্থল থেকে দুটি বিদেশি পিস্তল, ৯ রাউন্ড গুলি, তিনটি মোবাইল ও মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে দুটি বিদেশি পিস্তল, নয় রাউন্ড গুলি, ৩ হাজার ৯০টি ইয়াবা, ১০ হাজার টাকা পাওয়ার দাবি করেছে র্যাব।
