রাজধানীর গেন্ডারিয়ায় একটি বাসার সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে দুই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম আয়শা মনি। গতকাল শনিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটির বাবার নাম ইদ্রিস হোসেন। তাদের গ্রামের বাড়ি শরিয়তপুর জাজিরা উপজেলায়। ইদ্রিস ঢাকায় একটি ওয়ার্কশপে কাজ করেন।
জানা গেছে, ইদ্রিস হোসেন পরিবার নিয়ে গেন্ডারিয়ার দ্বীন নাথ সেন রোডের ৮২-সি/২ নম্বর টিনসেড বাসায় ভাড়া থাকেন। ওই বাসার পাশে একটি বহুতল ভবন তৈরি হচ্ছে। গতকাল সন্ধ্যার দিকে তার দুই বছর বয়সী মেয়ে আয়শা নির্মাণাধীন ওই ভবনের সিঁড়ি বেয়ে পাঁচ তলায় ওঠে পড়ে। এরপর নামতে গিয়ে সিঁড়ির ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে যায়। পরে ওই বাসার লোকজন তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিক্যালে কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিত্সক মৃত ঘোষণা করেন। ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, শিশুটির লাশ মর্গে রাখা হয়েছে।
