গৃহবধূকে হত্যার পর গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখে স্বামী

আপডেট : ২৫ জুলাই ২০২০, ০০:১২

বরগুনার সদর উপজেলার সদর ইউনিয়নের কালিরতবক গ্রামের কিশোরী গৃহবধূ স্বর্ণাকে (১৫) গলায় ওড়নার ফাঁস লাগিয়ে হত্যা করেছে স্বামী ইয়াছিন (২৩)। স্বর্ণা কালিরতবক গ্রামের আনোয়ার খা’র মেয়ে এবং ইয়াছিন একই গ্রামের আবু সালেহ মুসুল্লির ছেলে। ইয়াছিন রাজমিস্ত্রির জোগারের কাজ করে এবং স্বর্ণা নবম শ্রেণির ছাত্রী। হত্যার পর স্বর্ণার লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রেখে পালিয়ে যায় ইয়াছিন। ঘটনা ঘটে শুক্রবার দুপুর ১২ টার দিকে। ঘটনার পৌণে এক ঘণ্টার মধ্যে বরগুনা শহরের কেজি স্কুল সড়কের দূর সম্পর্কের নানার বাসা থেকে ইয়াছিনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ।  

নারকীয় হত্যাকাণ্ডের ঘটনা পুলিশের কাছে স্বীকার করছে ইয়াছিন। তবে এখনও কোন মামলা দায়ের হয় নাই। থানায় ইয়াছিনকে জিজ্ঞাসাবাদ চলছে। স্বর্ণার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বরগুনা থানার অফিসার ইনচার্জ কেএম. তারিকুল ইসিলাম অরুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুপুর ১২ টা ৩৫ মিনিটের দিকে খবর পেয়ে সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থল কালিরতবক পৌঁছে ওড়ানার ফাঁস লাগানো অবস্থায় স্বর্ণার মরদেহ উদ্ধার করি। এরপর মাত্র ৪৫ মিনিট পর দ্রুত অভিযান চালিয়ে শহরের কেজি স্কুল সড়কের নানার বাসা থেকে ইয়াছিনকে গ্রেফতার করতে সক্ষম হই। সন্ধ্যা পর্যন্ত মামলা হয়নি। থানায় ইয়াছিনকে জিজ্ঞাসাবাদ চলছে। সে নিজের হাতে স্বর্ণাকে ওড়নার ফাঁস লাগিয়ে হত্যা করে লাশ ঘরের আড়ার সাথে ঝুলিয়ে রাখার কথা স্বীকার করেছে।

ইত্তেফাক/কেকে