সুন্দরগঞ্জে গৃহবধূকে কুপিয়ে হত্যা, স্বামী আটক

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৩:০০

সুন্দরগঞ্জ উপজেলায় রোজিনা বেগম (২৬) নামে এক গৃহবধূকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করেছে পাষণ্ড স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামীকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, বামনডাঙ্গা ইউনিয়নের পাইটকাপাড়া গ্রামের আব্দুর রহমানের ছেলে ছামিউল ইসলাম অর্থাভাবের কারণে স্ত্রী রোজিনাকে নিয়ে কর্মের উদ্দেশ্য ঢাকায় যান। রোজিনা পোশাক শ্রমিকের কাজ করত আর ছামিউল ইসলাম সেখানে কাঠমিস্ত্রীর কাজ করতেন। সেই থেকেই দুজনের মধ্যে পরকিয়া সন্দেহের জেরে দাম্পত্য কলহ চলে আসছিল। এ কারণে একমাস আগে ঢাকা থেকে রোজিনা তার বাবার বাড়িতে চলে যান। পরে স্বামী ছামিউল ইসলাম স্থানীয়ভাবে সালিশের মাধ্যমে রোজিনাকে তার গ্রামের বাড়িতে নিয়ে আসেন। এরই মধ্যে শুক্রবার সকালে সাংসারিক বিষয় নিয়ে দুজনের মধ্যে ঝগড়া বাধে। এরপর সন্ধ্যায় বাড়ির পাশের বিলে মাছ ধরার কথা বলে ওই গৃহবধূকে ডেকে নিয়ে যায় ছামিউল। বিলের মাঝখানে নিয়ে গিয়ে তার কাঠমিস্ত্রীর কাজে ব্যবহৃত কুড়াল দিয়ে গলায় ও শরীরের বিভিন্ন স্থানে কোপাতে থাকে। তখন ওই গৃহবধূর চিৎকার শুনে তার শ্বশুর-শাশুড়ি এগিয়ে এলে তাদেরকে ধাক্কা মেরে পানিতে ফেলে দিয়ে রোজিনাকে হত্যা করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন। পাশাপাশি ঘাতক ছামিউলকে আটক করে। রোজিনা ওই ইউনিয়নের রামধন (মওয়ামারী) গ্রামের ওয়ারেছ আলীর মেয়ে। রোজিনার বাবা জানান, বিয়ের পর থেকেই নানা ইস্যুতে তাদের মধ্যে ঝগড়া হত। আমি ওই পাষণ্ডের শাস্তি চাই।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে সুন্দরগঞ্জ থানা অফিসার ইনচার্জ আব্দুল্লাহিল জামান বলেন, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে এবং থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।


ইত্তেফাক/আরকেজি