ঝিনাইদহে করোনায় আক্রান্ত হয়ে একজন পুলিশ অফিসারসহ আরো তিনজন মারা গেছেন। তারা হলেন, শহর পুলিশ ফাঁড়ির এসআই শরিফুল ইসলাম, কালীচরনপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ হাফিজুর রহমান ও শহরের আরাপপুরের সিতাব উদ্দিন। এ নিয়ে ঝিনাইদহ জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৯ জনে। এসআই শরিফুুল ইসলাম ও সেতাব উদ্দিন শহরের কেভিড-১৯ হাসপাতালে চিকিৎসাধিন অবস্থায় শুক্রবার মারা গেছেন। হাফিজুর রহমানকে ঢাকায় নিয়ে সোহরাওয়ার্দী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।
এদিকে জেলায় করোনা সংক্রমণের সংখ্যা দ্রুত বেড়ে চলেছে। শনিবার ২৫ জন নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৭৭০ জনে। সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডাঃ প্রসেনজিৎ বিশ্বাস পার্থ জানান, নতুন আক্রান্তদের মধ্যে ঝিনাইদহ সদর উপজেলায় ১৫ জন, মহেশপুর উপজেলায় একজন, কালীগঞ্জ উপজেলায় ৬ জন ও কোটচাঁদপুর উপজেলায় ৩ জন রয়েছে।
জেলার হাট বাজার ও রাস্তাঘাটে আগের সেই চেনা ভিড় লক্ষ্য করা যাচ্ছে। মুখে মাক্স নেই, দূরত্ব বিধি শিকেই তুলে চলছে কেনাকাটা। এতে করোনা সংক্রমণ ছড়িয়ে পড়ছে। হাট-বাজারগুলোতে পশরা সাজিয়ে বসে আছে দোকানদাররা। উধাও করোনা নিয়ন্ত্রণ বিধি। মুখের বদলে থুতনিতে ঝুলছে মাক্স। সিভিল সার্জন ডাঃ সেলিনা সুলতানা বলেন, মানুষকে বারবার সচেতন করা সত্ত্বেও কেউ পরোয়া করছে না। এতে করোনা সংক্রমণ দ্রুত ছড়াচ্ছে।
ইত্তেফাক/আরকেজি
