শিল্পনগরী নওয়াপাড়া নৌবন্দরে এলবি টাওয়ার এর কাছে ভৈরব নদের তারানা ঘাটে ত্রুটিপূর্ণ একটি পিলার অপসারণ করতে গিয়ে নাঈম হোসেন (৩০) নামের এক ডুবুরি নিখোঁজ হন। পিলারটি নদে জাহাজ চলাচলে বিঘ্ন সৃষ্টি করছিল, পিলারটি অপসারণের জন্য ঘাট কর্তৃপক্ষ খুলনা সালভেস নামক কম্পানি থেকে তিনজন ডুবুরি আনে। ডুবুরি দলটি পানিতে নেমে স্রোতের মুখে পড়ে, ঐ প্রতিকূল অবস্থা থেকে দুইজন ডুবুরি তীরে উঠতে সক্ষম হলেও ডুবুরি নাঈম হোসেন নিখোঁজ হন। তিনি খুলনার রুপসা এলাকার বাসীন্দা আবদুর রহমানের ছেলে।
নিখোঁজের সংবাদ পেয়ে নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও নৌ-পুলিশ সন্ধ্যা পর্যন্ত অভিযান চালিয়ে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয়ে অভিযান স্থগিত করে। নওয়াপাড়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এর স্টেশন মাস্টার খান এহসান-উল আলম বলেন, আমরা সংবাদ পাওয়া মাত্র উদ্ধার অভিযান শুরু করি। অন্ধকার নেমে আসার কারণে অভিযান স্থগিত করি। এই প্রতিবেদন তৈরি করা পর্যন্ত নিখোঁজ ডুবুরির কোনো সন্ধান পাওয়া যায়নি।
ইত্তেফাক/আরকেজি
