তালেবানকে ভয় পান না গুল, আবারো লড়তে চান

আপডেট : ২৫ জুলাই ২০২০, ১৮:৫২

চোখের সামনেই মা-বাবাকে গুলি করে হত্যা করে তালেবানের সশস্ত্র হামলাকারীরা। তখন বাড়িতে থাকা একে-৪৭ রাইফেল নিয়ে সেই হামলাকারীদের গুলি করে মারেন ১৫ বছর বয়সী কিশোরী কামার গুল। সে সময় তার সঙ্গে ছিলো তার ১২ বছরের ছোট ভাই।

আফগানিস্তানের ঘোর অঞ্চলের বাসিন্দা কামার গুল। তার বাবা তাকে ছোটবেলায় বন্দুক চালাতে শিখিয়েছিলেন। আর সেই সাহসে ভর করে সে দিন মা-বাবার হত্যাকারীদের প্রতিশোধ নিতে ভুল করেননি এই কিশোরী।

ঘটনার এক সপ্তাহ পরেও এতটুকু ভয় পাচ্ছেন না কামার। সংবাদসংস্থা এফপিকে তিনি জানান, ‘আমি আর তালেবানকে ভয় পাই না। তাদের সঙ্গে আবারো লড়তে প্রস্তুত আছি। 

রাইফেল হাতে কামারের একটি ছবি সোশাল মিডিয়ায় ইতোমধ্যে ছড়িয়ে পড়েছে। বিশ্বে প্রশংসিত হচ্ছে কামারের সাহস ও উপস্থিত বুদ্ধির। কিন্তু বাবা-মাকে শেষবার বিদায় না জানাতে পারা কষ্ট দিচ্ছে তাকে। 

কামার বলেন, ‘আমার বাবা-মায়ের খুনিকে হত্যা করতে পেরে আমি গর্বিত। তাদের মারার পর আমি দৌড়ে আমার বাবা-মায়ের কাছে যাই, কিন্তু ততোক্ষণে সব শেষ। তাদের নিঃশ্বাস পড়ছিল না। আমি জানি যে, সেদিন আমি হাতে বন্দুক না তুলে নিলে তারা আমাকে আর আমার ভাইকেও শেষ করে ফেলতো।’

সংবাদসংস্থা এএফপি বলছে, তালেবানের হামলাকারীরা গুলের বাবা, গ্রামের প্রধানকে হত্যা করতে এসেছিল, কারণ তারা তালেবানবিরোধী ছিলেন। খবর: ডেয়েচে ভেলে

ইত্তেফাক/জেডএইচ