ভারী বর্ষণে ঢাকা শহরের অনেক জায়গা পানিতে তলিয়ে যায়, সৃষ্টি হয় জলাবদ্ধতার। এতে অফিসগামী মানুষ, ক্ষুদ্র ব্যবসায়ী, হকার এবং স্বল্প আয়ের দিনমজুরেরা ভোগান্তির শিকার হন। এমনকি ঢাকার কেরানিগঞ্জের কদমতলী এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় অনেককে নৌকায় যাতায়াত করতে দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে। জলাবদ্ধতা দূর করার ব্যাপারে বিশিষ্ট প্রকৌশলী, পানি-পরিবেশ বিশেষজ্ঞ ম ইনামুল হক বলেছেন, ওয়াসা, রাজউক বা সিটি করপোরেশন কেউই জলাবদ্ধতা দূর করার জন্য রাজধানীর খালের প্রবাহ ফিরিয়ে আনতে পারবে না। পানি উন্নয়ন বোর্ডকে খাল পুনরুদ্ধারের দায়িত্ব দিয়ে প্রয়োজনে সেনাবাহিনী ও নৌবাহিনীকে কাজে লাগাতে হবে। তিনি ঠিক কথাটাই বলেছেন। রাজধানী ঢাকার খালগুলো ফিরিয়ে আনা প্রয়োজন। একসময় এ শহরের চার দিকে খাল ছিল। খালের প্রবাহ ফিরিয়ে আনার পাশাপাশি বুড়িগঙ্গা, বালু, তুরাগ ও শীতলক্ষ্যা নদীকে দূষণমুক্ত ও খনন করে প্রবাহ ফিরিয়ে আনলেই সম্ভব হবে জলাবদ্ধতা দূর করা।
মোহাম্মদ ইয়ামিন খান
শ্যামলী, ঢাকা
