করোনায় আক্রান্ত জাভি

আপডেট : ২৫ জুলাই ২০২০, ২১:৫২

সাবেক বার্সেলোনা ও স্প্যানিশ মিডফিল্ডার জাভি হার্নান্দেজ করোনায় আক্রান্ত হয়েছেন। গতকাল শনিবার ব্যক্তিগত ইনস্টাগ্রামে এ খবর নিশ্চিত করেন তিনি। পরে তার বর্তমান ক্লাব আল সাদও এ ব্যাপারে আনুষ্ঠানিক বিবৃতি দেয়। গত শুক্রবার শুরু হয় কাতার সুপার লিগ। এর আগে প্রতিযোগিতার নির্দেশনা অনুযায়ী সব ক্লাবের কোচ, খেলোয়াড় ও কর্মকর্তাসহ সবাইকে করোনা পরীক্ষা করা হয়। সেখানেই করোনা ভাইরাস পজিটিভ প্রমাণিত হন আল সাদ কোচ জাভি। চলতি মাসের শুরুতে কাতারি ক্লাবটির সঙ্গে এক বছরের জন্যে চুক্তি নবায়ন করা এ কোচের শরীরে অবশ্য এখনো কোনো উপসর্গ দেখা যায়নি। তবে নিয়ম মেনে এখন আইসোলেশনে আছেন তিনি।