আফগানিস্তানে নিরাপত্তা বাহিনীর কাছে পাকিস্তানি ১৩ জঙ্গিসহ নিহত ৩১

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০০:৫২

আফগানিস্তানের খোগিয়ানি এলাকায় ন্যাশনাল ডাইরেক্টরেট অব সিকিউরিটি (এনডিসি) এবং আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) যৌথ অভিযানে ৩১ জঙ্গি নিহত হয়েছে বলে দাবি করা হয়। জানা যায়, নিহত ৩১ জনের মধ্যে ১৩ জন পাকিস্তানি নাগরিক, যারা দেশটির জঙ্গি গোষ্ঠী জয়েশ-ই-মোহাম্মদ (জেইএম) এর সদস্য বলে জানায় আফগান কর্তৃপক্ষ।

দেশটির খোগিয়ান প্রদেশের মির্জা খেল এলাকায় চালানো দুই বাহিনীর এই অভিযানে ১৮ আফগান তালেবান নিহত হয়। ধারণা করা হচ্ছে এরা সকলে মলসভি সোহেইলের জঙ্গি গোষ্ঠীর সঙ্গে সম্পৃক্ত ছিলো। এদের মধ্যে একজনকে জীবিত আটক করা হয়েছে। সে জেইএম এর সদস্য। খামা নিউজ এজেন্সি জানায়, আফগানিস্তানের সীমান্তে নিহত হওয়া এক জঙ্গির কাছ থেকে পাকিস্তানের নাগরিক পরিচয় পত্র পাওয়ার কিছুদিন পরই এই যৌথ অভিযান পরিচালনা করা হলো।

এই ঘটনার মাধ্যমে আফগানিস্তানে জঙ্গিদের সক্রিয়তায় পাকিস্তানের ভূমিকা নিয়ে আরো একবার প্রশ্ন উঠেছে। দেশটিতে পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসবাদের জন্য সহায়তা করছে কিনা, তা নিয়েও প্রশ্ন উঠেছে। নিহত এ সকল জঙ্গি কাছ থেকে পাওয়া পরিচয় পত্র অনুসারে উর্দুতে লেখা তাদের নাম- আব্দুল গনি, আব্দুল গাফ্ফার, সানাউল্লাহ, নাকিবুল্লাহ, আব্দুল মালেক ও ওবায়দুল্লাহ। এ ছাড়াও আরো অনেকের নাম রয়েছে বলে জানায় কান্দাহার পুলিশ।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি শান্তি আলোচনার পরও আফগানিস্তানে সহিংসতা বেড়ে চলেছে। দীর্ঘ প্রায় ১৯ বছরের যুদ্ধ শেষে আফগানিস্তান থেকে মার্কিন সৈন্য বেশ কয়েক ধাপে প্রত্যাহারের মাধ্যমে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিকে সুসংহত করতে তালেবানদের সঙ্গে শান্তি আলোচনা করা হয় কাতারের রাজধানী দোহায়। এই আলোচনা অনুসারে আফগানিস্তানে অন্যান্য জঙ্গি কার্যক্রম বন্ধে সহায়তা করবে তালেবান গোষ্ঠী। এর আওতায় আল-কায়েদাকে প্রতিহত করতেও তারা কাজ করবে। সেই সঙ্গে আফগানিস্তানকে ব্যবহার করে যেন কোন জঙ্গি গোষ্ঠী যুক্তরাষ্ট্রে হামলা চালাতে না পারে, সে বিষয়েও কার্যকর ভূমিকা রাখবে তালেবানরা। কিন্তু মার্কিন এই শান্তি আলোচনার পর থেকে তালেবান ও আফগানিস্তানে থাকা অন্যান্য জঙ্গি গোষ্ঠী সক্রিয়তা বাড়িয়ে দেয় যেখানে জঙ্গি হিসেবে যোগ দেয় পাকিস্তানের জেইএম এবং অন্যান্য জঙ্গি গোষ্ঠীর সদস্যরা। মার্কিন এত প্রতিবেদনে দাবি করা হয়, পাকিস্তানের করিডর ব্যবহার করে আফগানিস্তানে প্রবেশ করছে এই নব্য তালেবান জঙ্গিরা।

ইত্তেফাক/আরএ