সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরিতে ৭০ সাংবাদিকের পদত্যাগ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ০৮:২১

সরকারি হস্তক্ষেপের প্রতিবাদে হাঙ্গেরির একটি শীর্ষ সংবাদমাধ্যম ইনডেক্সের ৭০ জনের বেশি সাংবাদিক ও কর্মী পদত্যাগ করেছেন। তাদের অভিযোগ, ঐ ওয়েবসাইটকে নিয়ন্ত্রণে আনতে চেষ্টা চালাচ্ছে সরকার।

মঙ্গলবার ইনডেক্সের এডিটর ইন চিফ জাবোলেস ডালকে বরখাস্ত করা হয়। তাকে কাজে ফিরিয়ে না আনায় তিন প্রধান সম্পাদকসহ ৭০ জনেরও বেশি সাংবাদিক ও সংবাদকর্মী পদত্যাগ করেন। সাংবাদিকেরা বলেন, বরখাস্তের ঐ সিদ্ধান্ত পরিষ্কারভাবে সরকারি হস্তক্ষেপ এবং ওয়েবসাইটকে চাপে ফেলার চেষ্টা। পদত্যাগের কয়েক ঘণ্টা পরেই রাজধানী বুদাপেস্টে সাংবাদিকদের স্বাধীনতার জন্য বিক্ষোভ সমাবেশ করেন ঐ সাংবাদিকেরা।

ইনডেক্সের বোর্ড সভাপতি জাবোলেস ডাল গত মাসে বলেছিলেন, তাদের ওপর বাইরের চাপ বাড়ছে, তাই সাংবাদিকদের কাজ অনিশ্চিত হয়ে পড়ছে। তবে জাবোলেস ডালকে বরখাস্তের পর বোদোলাই বলছেন, জাবোলেস ডাল নিউজরুমের বিশৃঙ্খলা থামাতে পারছিলেন না।

সাংবাদিকতার স্বাধীনতা সূচকে হাঙ্গেরি ১৮০টি দেশের মধ্যে ৮৯তম স্থানে রয়েছে। গত এক দশকেরও বেশি সময় ধরে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অরবান ধীরে ধীরে দেশটির সংবাদমাধ্যমগুলোকে নিজের নিয়ন্ত্রণে এনেছেন। ইনডেক্স ছিল দেশটির নিরপেক্ষ ও স্বাধীন সংবাদমাধ্যমগুলোর একটি। সম্প্রতি অরবানের ঘনিষ্ঠ এক ব্যবসায়ী ওয়েবসাইটের অর্ধেক শেয়ার কিনে নিয়েছেন।