ক্ষতিগ্রস্ত কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি সরিয়ে নেয়ার সাড়ে আট ঘণ্টা পর ঢাকার সাথে উত্তরাঞ্চল ও দক্ষিণাঞ্চলের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু সেতুপূর্ব রেলস্টেশন মাস্টার মনির আহমেদ। রবিবার সকাল সাড়ে ৮টার পর নীল সাগর এক্সপ্রেস ছেড়ে যাওয়ার মাধ্যমে এই রুটে ট্রেন চলাচল শুরু হয়।
এর আগে গতকাল শনিবার (২৫ জুলাই ) রাত ১২দিকে ঢাকা থেকে ছেড়ে যাওয়া কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশন থেকে ছেড়ে যাওয়ার পর বঙ্গবন্ধু সেতুতে প্রবেশের আগেই ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব রেলওয়ের স্টেশন মাস্টার মনির আহমেদ বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি রাত ১২টার দিকে বঙ্গবন্ধু সেতুপূর্ব স্টেশনে যাত্রা বিরতি করে। পরে ট্রেনটি স্টেশন থেকে ছেড়ে গিয়ে বঙ্গবন্ধু সেতুর উপর উঠার আগেই ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়। এতে ওই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। পরে রাত থেকে ক্ষতিগ্রস্ত ট্রেন উদ্ধারের চেষ্টা করে রেলওয়ে কর্তৃপক্ষ। এতে রবিবার সকালে লাইনচ্যুত ইঞ্জিন ও বগিগুলো সরিয়ে নেয়ার পর উত্তরবঙ্গ ঢাকার রেলযোগযোগ স্বাভাবিক হয়। এসময় বঙ্গবন্ধু সেতুপশ্চিমপাড়ে আটকে পড়া উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা নীল সাগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার মধ্যে দিয়ে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।
ইত্তেফাক/আরকেজি
