ভারতকে পেছন থেকে ছুরি মেরেছে পাকিস্তান: মোদি

আপডেট : ২৬ জুলাই ২০২০, ২০:১৮

ভারত যখন বন্ধুত্বের হাত বাড়িয়েছিল তখন পেছন থেকে পাকিস্তান ছুরি মেরেছে। নিজেদের অভ্যন্তরীণ সমস্যা থেকে নজর ঘোরাতে ভারতের ভূখণ্ড দখলের চেষ্টা করেছিল। কার্গিল বিজয় দিবসের দিনে রবিবার একটি অনুষ্ঠানে এসব কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। 

এ সময় মোদি বলেন,  কার্গিল যুদ্ধে সেনাদের আত্মত্যাগ দেশ মনে রাখবে। ওদের দেশপ্রেম আমাদের অনুপ্রাণিত করবে। ২১ বছর আগে হওয়া কার্গিল যুদ্ধ প্রসঙ্গে মোদি বলেন, কোন পরিস্থিতিতে সে সময় আমাদের বীর সৈন্যরা যুদ্ধ করেছিলো তা সকলের মনে রাখা উচিত। এ সময় পাহারের উপরে ছিলো প্রতিপক্ষ। কিন্তু কোন কিছুই বাধা হতে পারেনি তাদের জন্য। আমাদের সৈন্যের নৈতিকতা বোধ পর্বতকেও পরাজিত করেছিলো।

করোনা পরিস্থিতি নিয়ে মোদি বলেন, 'ভারত করোনায় মৃত্যুর হার অনেক কম। আমরা মৃত্যুর হার কমাতে পেরেছি। বাড়িয়েছি সুস্থতার হার। কিন্তু কিছু কিছু এলাকায় করোনা দ্রুত ছড়িয়ে পড়ছে। এ বিষয়ে আমাদের সচেতন হতে হবে। মনে রাখা উচিত এখনও করোনা আগের মতোই মারাত্মক। আপনাদের তাই কোভিড প্রোটোকল মেনে চলতে হবে।'

তিনি এ সময় বিহার, উত্তরখণ্ডসহ উত্তর পশ্চিমের রাজ্যগুলোতে মহামারীকালে স্থানীয় পণ্য ব্যবহারে উৎসাহিত করার কার্যক্রমের প্রশংসা করেন।

এ সময় ভারতে চলমান বন্যা পরিস্থিতি নিয়েও কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী। তরুণদের উদ্দেশ্যে তিনি বলেন, স্বনির্ভর ভারত নির্মাণের জন্য কাজ করতে হবে।

করোনা পরিস্থিতিতে সকলকে নিয়মপালনের অনুরোধ জানিয়ে মোদি বলেন, 'আমরা অনেকেই কথা বলার সময় মাস্ক খুলে রাখি। অথচ এ সময় মাস্ক পরে রাখা সবচাইতে জরুরি।' দেশে করোনা থেকে সুস্থতার হার অন্য যে কোন দেশের তুলনায় ভালো হলেও ভারতের নাগরিকদের সামাজিক দূরত্বের বিধি নিষেধ এবং করোনা বিষয়ক অন্যান্য নিয়ম মেনে চলার অনুরোধ জানান নরেন্দ্র মোদি।

উল্লেখ্য ১৯৯৯ সালের মে-জুলাই মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মীরের কার্গিলে যুদ্ধ সংঘটিত হয়। ওই যুদ্ধে  ভারতের ৫২৭ জন সেনা নিহত হয়েছিলেন।

ইত্তেফাক/এআর/আরএ