শরীয়তপুরে জাজিরায় বন্যা কবলিত এলাকায় ২২ হাজার পরিবারের মধ্যে ১০০ টন খাদ্য সামগ্রী বিতরণ করেছেন শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো: ইকবাল হোসেন। এছাড়া আরো ১০০ টন খাদ্য সামগ্রী বিতরণ করা হবে বলে তিনি জানিয়েছেন।
সম্প্রতি পদ্মায় পানি বাড়ায় শরীয়তপুরের বিভিন্ন অঞ্চল পানিতে তলিয়ে গেছে, এতে করে প্লাবিত হয়ে যাচ্ছে শরীয়তপুরের রাস্তাঘাটসহ অনেক গ্রাম। এরই মধ্যে বন্যার পানিতে প্লাবিত হয়ে গেছে শরীয়তপুর-ঢাকা আঞ্চলিক সড়কের শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বিভিন্ন অংশ। শরীয়তপুর সদর ও জাজিরা উপজেলার বন্যার পানিতে প্লাবিত হওয়া বিভিন্ন এলাকায় পায়ে হেটে পরিদর্শন করেছেন এবং বন্যা কবলিত মানুষের মধ্যে খাদ্য সামগ্রী পৌঁছে দিয়েছেন মো: ইকবাল হোসেন।
আরো পড়ুনঃ দেশ এগিয়ে যাবে সমৃদ্ধির বর্ণিল দিগন্তে: ওবায়দুল কাদের
এর আগে, তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এর মাধ্যমে মানবিক সহায়তা প্রদান কর্মসূচির আওতায় বন্যায় প্লাবিত ও নদীভাঙ্গনে ক্ষতিগ্রস্ত সদর উপজেলার ডোমসার ইউনিয়নে ৩শ পরিবার ও জাজিরা উপজেলার বিলাসপুর ইউনিয়নে ১৫’শ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করেছেন। পাশাপাশি মো: ইকবাল হোসেন রিকসা, ভ্যান, অটো রিকসাসহ বিভিন্ন শ্রেণীর খেটে খাওয়া মানুষের মাঝে নগদ অর্থও প্রদান করেন।
ইত্তেফাক/ এমএএম
