ড্রেজার ব্যবসায়ীর অর্থ আত্মসাতের অভিযোগ

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৮:৪১

রাজধানীতে এক ড্রেজার ব্যবসায়ীর বড় অংকের অর্থ আত্মসাতের পর তাকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ড্রেজিং আমদানির জন্য এলসি খোলার নামে মোহাম্মদপুরের ফার্স্ট এসএস এন্টারপ্রাইজ (এফএসএসই) নামক প্রতিষ্ঠানের ২ কোটি ৩৩ লাখ টাকা আত্মসাৎ করা হয় বলে অভিযোগ করা হয়। রবিবার প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সাদেক সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশনে (ক্র্যাব) সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন। 

লিখিত বক্তব্যে তিনি বলেন, এমএম এহসান নিজামী ওরফে তানিম নিজেকে সিঙ্গাপুরের ইএফই (এসজি) লিমিটেড কোম্পানির কনসালটেন্ট পরিচয় দিয়ে আমার এলসি খুলতে সহায়তা করে। তানিম শর্ত দেন ড্রেজিং মেশিন আমদানি মূল্যের ২০ শতাংশ অর্থাৎ (১০ শতাংশ এলসি খোলার আগে এবং ১০ শতাংশ এলসি খোলার পর) জমা দিলে বাকি ৮০ শতাংশ সিঙ্গাপুরস্থ ইএফই (এসজি) লিমিটেড কোম্পানি থেকে পরিশোধ করা হবে। বাকি অর্থ সুদ ও লভ্যাংশের নির্দিষ্ট একটি অংশ পরিশোধ করতে হবে। সিঙ্গাপুরের ওই প্রতিষ্ঠানের গ্যারান্টার বিন্টাং লারিস ট্রেড অ্যান্ড ম্যানেজমেন্ট এসডিএন.বিএইচডি (বিএলটিএম) কর্পোরেট বাংলাদেশি এজেন্ট স্যান্ডমার্ক ড্রেজিং লিমিটেড। যার সিইও মোহাম্মদপুরের জাপান গার্ডেন সিটির বাসিন্দা ফাহমিদা খাতুন। 

তাদের পরামর্শ অনুযায়ী আমি ২ কোটি ২২ লাখ ৮৯ হাজার ১২৫ টাকা একাউন্ট পে চেকের মাধ্যমে প্রিমিয়ার ব্যাংক গুলশান শাখা দেই। ৩ দিনের মধ্যে এলসি খোলা কথা থাকলেও তিন মাস পেরিয়ে গেছে। কিন্তু এলসি খোলা হয়নি। জুন মাসের প্রথম সপ্তাহ থেকে ফাহমিদা আমাকে হুমকি দিতে থাকেন। বলেন- তার বাবা পুলিশের সাবেক ডিআইজি। উঁচু লেভেলে তার অনেক আত্মীয় স্বজন আছে। তারা আমাকে দেখে নিবে। পরে আমি গত ১০ জুন গুলশান থানায় মামলা করি। তানিম মামলার সঠিক তদন্ত দাবি করেন।

 

ইত্তেফাক/ইউবি