সাভারে মৃত গরুর মাংস বিক্রির চেষ্টা, চারজনের কারাদণ্ড

আপডেট : ২৬ জুলাই ২০২০, ১৯:১০

সাভারে মৃত গরু জবাই করে বিক্রির সময় চারজনকে আটক করে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুরে সাভার উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ এ কারাদণ্ড প্রদান করেন। 

সাজাপ্রাপ্তরা হলেন- পিকআপ চালক রুবেল হোসেন (৩৫), চালকের সহকারী আসলাম (৩৫), কসাই ফজলুক হক (৪৫), গরু ব্যবসায়ী আবু তাহের (৩৫)। 

ভ্রমমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজ জানান, শনিবার রাতে মানিকগঞ্জের পাটুরিয়া থেকে এক গরু ব্যবসায়ী বেশ কয়েকটি গরু বিক্রি করার জন্য সাভারে নিয়ে আসেন। পিকআপটি আমিনবাজার এলাকায় পৌঁছালে অজ্ঞাত কারণে একটি গরু মারা যায়। কিন্তু পিকআপ চালক রবিবার ভোরে মৃত গরুটি আমিনবাজারের স্থানীয় কসাই ফজলুক হকের সাহায্য নিয়ে জবাই করে স্থানীয়দের মাঝে মাংস বিক্রি করার প্রস্তুতি নেন। বিষয়টি এলাকাবাসীর সন্দেহ হলে সাভার মডেল থানা পুলিশকে খবর দেয় হয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জবাইকৃত মৃত গরুসহ চারজনকে আটক করে নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মাহফুজের আদালতে হাজির করে। শুনানি শেষে পিকআপ চালক রুবেল হোসেনকে ১৫ দিন, চালকের সহযোগী আসলামকে ৭ দিন, কসাই ফজলুক হককে ৩ দিন ও গরু ব্যবসায়ী আবু তাহেরকে ৩ দিনের কারাদণ্ড প্রদান করেন। পরে পুলিশ গ্রেফতারকৃতদের জেল হাজতে প্রেরণ করে।

ইত্তেফাক/ইউবি