করোনায় বিপর্যস্ত গোটা বিশ্ব। বাংলাদেশেও এর মারাত্মক প্রভাব পড়েছে। এতে মুখ থুবড়ে পড়েছে অর্থনীতি। কর্মহীন হয়েছে বহু মানুষ। এদের মধ্যে নারী উদ্যোক্তারা অন্যতম। করোনায় থেমে আছে উদ্যোক্তাদের কাজ। বন্ধ হয়ে আছে কারখানা ও শোরুম। সীমিত আকারে খুললেও বিক্রি নেই বললেই চলে। বন্ধ হয়ে গেছে সরকারি ও বেসরকারি সব মেলা। এমন অবস্থায় সাউথ এশিয়ান গ্রাসরুটস ডেভেলপমেন্ট ফোরাম (এসএজিডিএফ) আয়োজন করেছে তৃণমূল নারী উদ্যোক্তাদের নিয়ে অনলাইন মেলা গ্রাম তথা GRAM (Grassroots Regional Artisan Movement)। এসএজিডিএফ চায়না ক্যান্টন ফেয়ারের আদলে এই মেলার আয়োজন করা হয়েছে। প্রথম আয়োজিত এই অনলাইন মেলায় অংশ নিচ্ছেন দক্ষিণ এশিয়ার সাতটি দেশ। দেশগুলো হলো— বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপ ও পাকিস্তান। একটি আন্তর্জাতিক ওয়েব সাইটের মাধ্যমে এই মেলার আয়োজন করা হয়েছে। কোরবানির ঈদ উপলক্ষ্যে ২৩-২৭ জুলাই মেলার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে।
