পাবনার চাটমোহরে বিয়ের প্রলোভনে ধর্ষণ ও মোবাইল ফোনে ভিডিও করে ছড়িয়ে দেওয়ার অপরাধে শুক্রবার রাতে তিন জনকে আটক করে পুলিশ। শনিবার এ ব্যাপারে চাটমোহর থানায় ধর্ষণ ও পর্নোগ্রাফি আইনে মামলা হয়েছে। আটককৃতরা হলো—উপজেলার বোঁথর গ্রামের মামুন হোসেন, আলমগীর হোসেন ও জগলু হোসেন।
পুলিশ জানায়, মামুন পৌর শহরের একটি কিন্ডার গার্টেনে শিক্ষকতা করেন। ঐ স্কুলে বোঁথর গ্রামের এক প্রবাসীর স্ত্রী তার সন্তানকে নিয়ে আসার এক পর্যায়ে মামুনের সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রলোভন দিয়ে মামুন ঐ নারীকে একাধিকবার ধর্ষণ করে। কয়েক দিন আগে মামুন ও ঐ নারীর অন্তরঙ্গ মুহূর্তের ছবি ভিডিও ধারণ করে। পরে আলমগীর ও জগলুর মাধ্যমে বিভিন্ন মোবাইল ফোনে তা ছড়িয়ে দেয়। এছাড়া মামুন ব্লাকমেইল করে ঐ নারীর কাছ থেকে বিভিন্ন সময়ে অনেক টাকা হাতিয়ে নেয়। জগলু ও আলমগীরও টাকা দাবি করলে ঐ নারী থানায় এসে অভিযোগ করেন। পুলিশ এ ঘটনায় তিন জনকে আটক করে।
চাটমোহর থানার ওসি মো. আমিনুল ইসলাম জানান, গ্রেফতারকৃতদের জেলহাজতে পাঠানো হয়েছে।
