শুধু বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নয়, পুলিশ প্রশাসন থেকে শুরু করে ঢাকার ডিসি অফিসেও নিয়মিত করোনা মাস্ক ও সুরক্ষাসামগ্রী সরবরাহ করেছিলেন অপরাজিতা ইন্টারন্যাশনালের শারমিন জাহান। অন্য প্রতিষ্ঠানগুলোতে সবকিছু ঠিকঠাক মতো চললেও বাগড়া বাধে বিএসএমএমইউতে এসে। তিনি রাজনৈতিক প্রভাব খাটিয়ে এই হাসপাতালে মাস্ক সরবরাহের কাজ বাগিয়ে নিয়েছেন কি না জানতে চাইলে তাকে জিজ্ঞাসাবাদকারী গোয়েন্দা পুলিশ কর্মকর্তাকে তিনি বলেন, এই কাজ পেতে তিনি হাসপাতাল প্রশাসনের দুই জন কর্মকর্তার সঙ্গে প্রথমে যোগাযোগ করে। কাজটি পেতে লাভের অংশের টাকা তিনি তাদের দিয়েছেন। এরপর তাদের সহযোগিতায় হাসপাতালে মাস্ক সরবরাহ করেন তিনি। তারা কারা জানতে চাইলে সাবেক ছাত্রলীগ নেত্রী শারমিন বিএসএমএমইউ একজন পরিচালক ও একজন সহকারী পরিচালকের নাম বলেছেন। তবে তদন্তের স্বার্থে তাদের নাম প্রকাশ করতে চাননি ঐ কর্মকর্তা।
এদিকে সর্বশেষ খবরে জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে নকল এন-৯৫ মাস্ক সরবরাহের মামলায় রিমান্ডে থাকা অপরাজিতা ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
শারমিনকে জিজ্ঞাসাবাদকারী ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা ও অপরাধ তদন্ত বিভাগের (ডিবি) যুগ্ম কমিশনার মাহবুব আলম বলেন, তাকে সহযোগিতাকারী বিএসএমএমইউ এর যেসব কর্মকর্তার নাম তদন্তে উঠে এসেছে তাদের শিগগিরই জিজ্ঞাসাবাদ করা হবে।
কে এই শারমিন: নেত্রকোনার পূর্বধলার শ্যামগঞ্জের গোয়ালকান্দায় বাড়ি শারমিন জাহানের। তার পারিবারিক নাম জাহানারা। চার ভাই তিন বোনের মধ্যে তিনি সবার ছোট। শারমিন স্কুল ও কলেজ শ্যামগঞ্জে শেষ করেন। ১৯৯৬ সালে কলেজে ভর্তি হয়ে ছাত্রলীগের পক্ষে কলেজ ছাত্র সংসদ নির্বাচন করেন। ১৯৯৮-১৯৯৯ শিক্ষাবর্ষে ইসলামিক স্টাডিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন তিনি। প্রথমে বাংলাদেশ কুয়েত মৈত্রী হলের প্রচার সম্পাদক ও পরে ঐ হলের ছাত্রলীগের সভাপতি ছিলেন তিনি। পরে আওয়ামী লীগের মহিলা ও শিশুবিষয়ক কেন্দ্রীয় উপ-কমিটির সহ-সম্পাদক হন। বর্তমানে কোনো পদ-পদবি না থাকলেও ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন ব্যাবসায়িক সেক্টরে প্রভাব বিস্তারের অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এছাড়া শারমিন জাহান ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ঢাকা ইউনিভার্সিটি সোসাইটি ফর হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট, বিআইএম অ্যালামনাই অ্যাসোসিয়েশন, ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন, বঙ্গবন্ধু সমাজ কল্যাণ পরিষদ, ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, নেত্রকোনা জেলা সমিতি, বৃহত্তর ময়মনসিংহ যুব সমিতিসহ আরো বেশ কয়েকটি সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছেন।
শারমিনকে ঢাবি থেকে অব্যাহতি
ইত্তেফাকের বিশ্ববিদ্যালয় রিপোর্টার জানিয়েছেন, শারমিন জাহানকে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল রবিবার রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বিশ্ববিদ্যালয়ের সহকারী রেজিস্ট্রার শারমিন জাহানের শিক্ষা ছুটিতে থাকা অবস্থায় বিশ্ববিদ্যালয়ের অনুমতি ব্যতীত ব্যবসাপ্রতিষ্ঠান গড়ে ব্যবসা-বাণিজ্য পরিচালনা বিশ্ববিদ্যালয়ের বিধিবিধান ও চাকরি শৃঙ্খলা পরিপন্থি। অধিকন্তু বিএসএমএমইউ-এ নকল এন-৯৫ মাস্ক সরবরাহের অভিযোগে তার বিরুদ্ধে নিয়মিত মামলা হওয়ায় ও পুলিশ রিমান্ডে থাকায় তিনি বিশ্ববিদ্যালয়ের মর্যাদা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন। এমতাবস্থায় তাকে রবিবার বিশ্ববিদ্যালয়ের চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। একই সঙ্গে তাকে সাত কার্যদিবসের মধ্যে কারণ দর্শানোর জন্য নোটিশ প্রদান করা হয়েছে।
