অনিয়ম ঠেকাতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ৯ সদস্যের টাস্কফোর্স

আপডেট : ২৭ জুলাই ২০২০, ০০:৪০

হাসপাতালের অনিয়ম ঠেকাতে অতিরিক্ত সচিবকে প্রধান করে ৯ সদস্যের একটি টাস্কফোর্স গঠন করেছে স্বাস্থ্য মন্ত্রণালয়। এ বিষয়ে একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, হাসপাতালের লাইসেন্স, ফি ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অনিয়ম তদারকি করবে এ টাস্কফোর্স।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোভিড-১৯ প্রতিরোধে ও আক্রান্ত রোগীদের সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিত্সাসেবা প্রদান নিশ্চিতকরণে স্বাস্থ্যসেবা বিভাগ এ পর্যন্ত জারিকৃত পরিপত্র, প্রজ্ঞাপন, আদেশ, নির্দেশনা ও যেসব কমিটি গঠন করা হয়েছে, তাদের কার্যক্রম বাস্তবায়ন অগ্রগতি তদারকি করতে একটি টাস্কফোর্স কমিটি গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবকে (জনস্বাস্থ্য) আহ্বায়ক করে ৯ সদস্যের এ টাস্কফোর্স গঠন করা হয়েছে। অন্য সদস্যরা হচ্ছেন স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্মসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন), স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন), অর্থ মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন, অর্থবিভাগ), স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্মসচিব (প্রশাসন, জননিরাপত্তা বিভাগ), স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক, রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) এবং স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব (জনস্বাস্থ্য-১)।