ঈদে অতিথি আপ্যায়ন ও পরিবারের সদস্যদের জন্য ভিন্ন স্বাদের রেসিপি নিয়ে এবারের আয়োজন।
খাসির রোস্ট
উপকরণ :খাসির পিছনের রানের চাকা মাংস ১ কেজি, পেঁপে বাটা ৩ টেবিল চামচ, দই ১ কাপ, আদা বাটা ১ টেবিল চামচ, রসুন বাটা ১ টেবিল চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, গরম মসলার গুঁড়া ১ চা চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, কাজু বাদাম বাটা ১ টেবিল চামচ, পোস্তাদানা বাটা ১ টেবিল চামচ, মাওয়া গুঁড়া ২ টেবিল চামচ, জয়ফল ও জয়ত্রী গুঁড়া আধা চা চামচ, চিনি ১ চা চামচ, টমেটো সস ২ টেবিল চা চামচ, কেওড়া জল ১ টেবিল চামচ, পেস্তা কুচি, কিশমিশ ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, এলাচ ৩টা, দারচিনি ৩টা, ঘি ৩ টেবিল চামচ, তেল আধা কাপ, লেটুস পাতা, পিঁয়াজ কুচি ১ কাপ।
প্রণালি :মাংস ভালো করে ধুয়ে সব বাটা গুঁড়া মসলা, পেঁপে বাটা, টক দই একসঙ্গে ভালো করে মেখে মাংসের সঙ্গে মেখে নিন। ৩-৪ ঘণ্টা রেখে আবার কেচে পরিমাণমতো পানি দিয়ে চুলায় বসিয়ে সিদ্ধ হতে হবে। সিদ্ধ হয়ে পানি শুকিয়ে এলে একটি কড়াইতে তেল ও ঘি দিয়ে পেঁয়াজ কুচি দিন। বাদামি হলে কিছু পেঁয়াজ তুলে রাখুন। এবার মসলা মাখানো সিদ্ধ মাংসে চাকা দিন, এক পাশ হলে উল্টে দিন। এবার কাজুবাদাম, পোস্ত বাটা ও টমেটো সস, মাওয়া গুঁড়া দিয়ে ভালো করে কষিয়ে ১ কাপ গরম পানি দিয়ে ঢেকে দিন। সবশেষে কেওড়া জল দিন। তেলের উপর উঠে এলে নামিয়ে পেস্তা কুচি ও কিশমিশ দিয়ে সাজিয়ে দিন।
বিফ তন্দুরি কাবাব
উপকরণ :গরুর মাংস ১ কেজি (কিমা), আদার রস ১ টেবিল চামচ, রসুনের রস ১ টেবিল চামচ, জিরা গুঁড়া ১ চা চামচ, তন্দুরি মসলা ২ টেবিল চামচ, গোলমরিচ গুঁড়া ১ চা চামচ, চিনি ১ চা চামচ, কাশ্মিরি লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, সিরকা সিকি কাপ, টক দই আধা কাপ, পেঁয়াজ বাটা সিকি কাপ, গরম মসলার গুঁড়া আধা চা চামচ, সরিষার তেল আধা কাপ, ঘি ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, লেবুর রস ২ চা চামচ, কাঠি ১২-১৫টি।
প্রণালি :উপরের সব উপকরণ একসঙ্গে মেখে ৫-৬ ঘণ্টা মেরিনেট করুন। এবার কাঠিতে গেঁথে ওভেনের ট্রে ঘি ব্রাশ করে প্রিহিট ওভেনে ২০০ ডিগ্রি সেন্টিগ্রেটেডে ৪০-৪৫ মিনিট রান্না করুন। মাঝে একবার ঘি ও মসলার মিশ্রণ ব্রাশ করে দিন। একপিঠ হলে উল্টে দিবেন। সিদ্ধ ও পোড়া পোড়া হলে নামিয়ে নিন। এবার ১টা ছোট বাটিতে কাঠ কয়লার আগুন ধরিয়ে ট্রের মাঝে রেখে ফয়েল পেপারে ঢেকে দিন। কিছুক্ষণ পরে ফয়েল পেপার খুলে পরিবেশন ডিশে সাজিয়ে নিন।
কালারফুল চিলি বিফ
উপকরণ :বিফ ৫০০ গ্রাম, লাল বেল পেপার ১৫০ গ্রাম, হলুদ বেল পেপার ১৫০ গ্রাম, সয়াসস ২ চা চামচ, ভিনেগার ১ চা চামচ, উস্টার সস ২ চা চামচ, টমেটো সস ১/২ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, লবণ ১ চা চামচ, চিনি স্বাদমতো, গোল মরিচ গুঁড়া ১/২ চা চামচ, সাদা তেল ৩ চা চামচ।
প্রণালি :বিফ জুলিয়ান কাট করে কেটে নিন। এতে সয়াসস ও ভিনেগার দিয়ে মেরিনেট করুন। বেল পেপারগুলো জুলিয়ান কাট করুন। প্যানে তেল গরম করে এতে বিফ ও আদা রসুন বাটা দিয়ে কিছুক্ষণ ভাজুন। পানি বের হলে ঢেকে দিন। ৫ মিনিট পর পানি শুকালে বেল পেপার ও বাকি উপকরণ দিন। সামান্য পানি দিন। আরও ৫ মিনিট অল্প আঁচে রাখুন। গরম গরম সাজিয়ে পরিবেশন করুন কালারফুল চিলি বিফ।
আফগানি পোলাও
উপকরণ :মাংস ১ কেজি, টমেটো ৩টি (ব্লেন্ড করা), পোলাওয়ের চাল ৩ কাপ, রসুন ৪-৫ কোয়া কুঁচি, পেঁয়াজ ৩টি (কুঁচি করা), আদা ১ চা চামচ (কুঁচি করা), ছোট এলাচ ৮টি, গোটা ধনে ১ চা চামচ, জিরা ১ চা চামট, লবঙ্গ ১/২ চা চামচ, লাল মরিচ গুঁড়া ১ চা চামচ, দারুচিনি ৩টি ছোট টুকরো, কাঁচা মরিচ ২-৩টি (কুঁচি করা), গরম পানি ৭ কাপ, সাদা তেল ২ টেবিল চামচ, ঘি ২ টেবিল চামচ, কিশমিশ ১৫-২০টি, গাজর ১/৪ কাপ জুলিয়ান কাট।
প্রণালি :প্রথমে মাংস ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিন আদা, রসুন, গোটা গরম মসলা, পেঁয়াজ, ধনে, জিরা ও স্বাদমতো লবণ দিয়ে ৭ কাপ পানিতে ৩০ মিনিট ধরে মাংস সিদ্ধ করে নিন। এবার মাংসের টুকরোগুলো আলাদা করে রেখে দিন। একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ দিয়ে সোনালি করে ভাজুন। এতে টমোটো কাঁচা মরিচ, লাল মরিচ গুঁড়া দিয়ে ভালো করে কষান। মসলা কষানো হয়ে এলে তাতে মাংসের টুকরোগুলো যোগ করুন। এর মধ্যে আগে থেকে বানিয়ে রাখা চিকেন স্টক ভালো করে ছেঁকে ঢেলে দিন। এতে চাল মিশিয়ে ফুটতে দিন। যতক্ষণ না চাল সমস্ত স্টক শুষে নিয়ে সিদ্ধ হয়ে যাচ্ছে। এতে কিশমিশ ছড়িয়ে আরও ২-৩ মিনিট হালকা আঁচে ঢাকনা দিয়ে রান্না করুন। অল্প ঘিয়ে গাজর ভেজে নিন নরম হওয়া পর্যন্ত। পোলাওয়ের উপর ছড়িয়ে দিন। তৈরি হয়ে গেল আফগানি পোলাও।
