অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে ‘মটিভেট’ করছেন সুমী

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ১৮:৪৩

  রাবেয়া বেবী

 

এই সময়ের মানুষের কাছে এফএম রেডিও অন্য একমাত্রা যোগ করেছে। রেডিও উপস্থাপকের কথায় মানুষের মন ভাল হয়ে যায়, আবার তার বন্ধুর সাথে সম্পর্ক ভাল হয়- এমন মটিভেট করতে পেরে আবেগপ্রবণ হন একটি বেসরকারি রেডিও উপস্থাপক সুমী। পুরো নাম নাহিদা আফরোজ সুমী। কাজ করেন নারীকে ক্ষমতায়ন করার কিংবা অগ্রযাত্রাকে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করা ‘কালার এমএম’ রেডিওতে।

সুমী নিজের জীবনে আর দশটা মানুষের চেয়ে একটু ভিন্নভাবে উপস্থাপন করতে চেয়েছেন। তাই পড়াশুনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগে। বর্তমানে এমফিল করছেন রবীন্দ্রনাথের ভাঙা গান বিষয় নিয়ে। পড়ার বিষয় সংগীত কেন হলো আর ভাঙা গানই বা কি? প্রশ্ন করলে মিষ্টি করে হেসে বলেন, আমার বেড়ে উঠা পটুয়াখালীর গলাচিপায়। সেখানে শিল্পকলা একাডেমীতে আমি গান শিখতাম। ছেলেবেলায় বাবার ইচ্ছাতেই গান শেখা শুরু হয়। সত্যি বলতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগ পর্যন্ত আমি জানতাম না এখানে সংগীত বিষয় আছে। ভর্তি পরীক্ষায় পাস করলে বিষয় নির্বাচন করতে এসে জানতে পারলাম ইচ্ছা করলে আমি সংগীতে পড়তে পারি। বাবার ইচ্ছা আমার আগ্রহ দুই মিলে ভর্তি হলাম এখানে। এতগেল সংগীতে ভর্তি হওয়ার বিষয় আর ভাঙা গান? রবীন্দ্র নাথ যখন অন্য কারো সংগীত যেমন বাউল সংগীত, প্রাশ্চাত্য সংগীতের কখনো কথা, কখনো সুর দ্বারা অনুপ্রাণিত হয়ে যে গানগুলো লিখেছেন সেগুলো ভাঙা গান হিসেবে পরিচিত ‘পুরানো সেই দিনের কথা’র মতো অনেক জনপ্রিয় গান আছে এই ভাঙা গানের তালিকায়। এরই মধ্যে এ বিষয়ে স্নাতক সম্মান এবং স্নাতকোত্তর সম্পন্ন করা সুমী জানান- বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হওয়ার স্বপ্ন ছিল তার। তবে বাবা মারা যাওয়ায় তা আর হয়ে উঠেনি। একটু বিস্তারিত জানতে চাইলে জানান- বিশ্ববিদ্যালয়ের ২য় বর্ষ থেকে ‘জয়ধ্বনী’ সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত ছিলেন তিনি। সেখানের এক বড় ভাইয়ের মাধ্যমে জানতে পারেন একটি বেসরকারি রেডিওতে লোক নেওয়া হবে। তিনিই সুমীকে সেখানে সিভি দিতে বলেন। পড়াশুনা রেডিও টিভিআর মঞ্চে একটু আধটু গান করা আর রেডিও ‘জকি’র কাজ করে চলে যাচ্ছিল সুমীর দিন। বাবা মারা গেলে নানারকম টানাপোড়েনে পরীক্ষার ফলাফল সেরকম ভাল হয়নি। কি করবেন সে সিদ্ধান্ত নিতে গিয়ে ভাবেন, গানকে ভিত্তি করে রেডিওতে তার এই কাজকে গুরুত্ব দিয়ে করবেন।

পড়তে পড়তে মঝে মধ্যে সুমীর মনে হতো সংগীত নিয়ে পড়াশুনা করে তেমন কিছু কি আর করা যাবে? কিন্তু শেষ অবধি ভেবেছেন এদেশে কয়জন ছেলে-মেয়ে কাজ নির্ভর পড়াশুনা করে। ঠিক এই ভাবনাই সুমীকে আত্মপ্রত্যয়ী করে। বলেন, গান নিয়ে পড়াশুনা করে যে শুধু শিল্পীই হতে হবে তা নয়। শিল্পীদের নিয়ে গান নির্ভর অনেক কিছুই করা যায়। সুমী যে রেডিওতে কাজ করেন তা নয় টিভিতে গানের অনুষ্ঠান উপস্থাপনাও করেন।