প্রেসক্লাবকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম প্রদান
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি বাংলাদেশ গ্যাস ফিল্ডস কোম্পানি লিমিটেড (বিজিএফসিএল) কর্তৃপক্ষ করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবকে স্বাস্থ্য সুরক্ষা সরঞ্জাম দিয়েছে। সোমবার প্রেসক্লাব মিলনায়তনে এসব সুরক্ষা সরঞ্জাম হস্তান্তর করা হয়। বিজিএফসিএলের উপমহাব্যবস্থাপক ও স্বাস্থ্য বিভাগের প্রধান উপপ্রধান চিকিত্সা কর্মকর্তা (ডিজিএম) শিশুরোগ বিশেষজ্ঞ ডা. মো. রফিকুল বারী এসব সুরক্ষা সামগ্রী ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের আহ্বায়ক খ আ ম রশিদুল ইসলামের কাছে হস্তান্তর করেন।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে প্রস্তুতিমূলক সভা
গোয়ালন্দ (রাজবাড়ী) সংবাদদাতা ঈদ উপলক্ষ্যে দক্ষিণবঙ্গের ২১টি জেলার সঙ্গে রাজধানী ঢাকাসহ অন্য অঞ্চলের যোগাযোগের অন্যতম দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে নিরাপদ নৌচলাচল, ঘাট এলাকা যানজটমুক্ত ও মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গোয়ালন্দে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার গোয়ালন্দ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান মো. আসাদুজ্জামান চৌধুরী, সহকারী কমিশনার (ভূমি) আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।
সচেতনতা শীর্ষক সেমিনার
নাগরপুর (টাঙ্গাইল) সংবাদদাতা নাগরপুরে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে। সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অর্থায়নে উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে। উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফয়েজুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে মূল প্রতিপাদ্য বিষয় উপস্থাপন করেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টাঙ্গাইলের অধ্যক্ষ প্রকৌশলী কামরুজ্জামান। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-৬ (নাগরপুর-দেলদুয়ার) আসনের সংসদ সদস্য আহসানুল ইসলাম টিটু।
বানভাসিদের মধ্যে ত্রাণ বিতরণ
নাগেশ্বরী (কুড়িগ্রাম) সংবাদদাতা নাগেশ্বরীতে বানভাসিদের মধ্যে আইজিপি ড. বেনজীর আহমেদ বিপিএম (বার) এর পাঠনো ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের তেলিয়ানীতে বন্যাদুর্গত ১০০ পরিবারের হাতে এ ত্রাণ সহায়তা তুলে দেন জেলা পুলিশ সুপার মহিবুল ইসলাম খান (বিপিএম)। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, এএসপি সার্কেল লুত্ফর রহমান প্রমুখ।
গৃহহীনদের মধ্যে নতুন ঘরের চাবি হস্তান্তর
তিতাস (কুমিল্লা) সংবাদদাতা তিতাসে গৃহহীনদের জন্য দুর্যোগ সহনীয় বাসগৃহের চাবি হস্তান্তর করা হয়েছে। সোমবার উপজেলা পরিষদ চত্বরে গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ কর্মসূচির আওতায় ১৮টি পরিবারের মধ্যে এ চাবি তুলে দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদা আক্তারের সভাপতিত্বে চাবি হস্তান্তরের সময় প্রধান অতিথি ছিলেন কুমিল্লা-২ আসনের এমপি সেলিমা আহমাদ মেরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. শওকত আলী, সাধারণ সম্পাদক মো. মহসীন ভুঁইয়া প্রমুখ।
সামাজিক নিরাপত্তা কর্মসূচি বিষয়ক সেমিনার
নিয়ামতপুর (নওগাঁ) সংবাদদাতা নিয়ামতপুরে সোমবার সমাজসেবা অধিদপ্তর বাস্তবায়িত সামাজিক নিরাপত্তা কর্মসূচিবিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। উপজেলার বিআরডিবি হল রুমে এ সেমিনার অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়া মারীয়া পেরেরার সভাপতিত্বে সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন নওগাঁ জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক নূর মোহাম্মাদ।
পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ
ধামইরহাট (নওগাঁ) সংবাদদাতা ধামইরহাটে ইউপি চেয়ারম্যানের উদ্যোগে সোমবার পাঁচ শতাধিক পরিবারের মধ্যে ঈদের সামগ্রী বিতরণ করা হয়েছে। নিজস্ব উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে এগুলো বিতরণ করেন ধামইরহাট ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান। এ সময় প্যানেল চেয়ারম্যান এনামুল হোসেন, ইউপি সদস্য রেহেনা পারভীন প্রমুখ উপস্থিত ছিলেন।
০
