বেসরকারি পদ্মা ব্যাংক থেকে প্রায় পৌনে ৩ কোটি টাকা আত্মসাত্ করার অভিযোগে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদের বিরুদ্ধে আরো একটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
গতকাল সোমবার দুদক প্রধান কার্যালয়ের উপসহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহান মিরাজ বাদী হয়ে দুদকের সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১-এ মামলাটি দায়ের করেছেন বলে জানিয়েছেন দুদকের পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য। এর আগে এনআরবি ব্যাংক থেকে সুদসহ দেড় কোটি টাকা আত্মসাতের অভিযোগে গত ২১ জুলাই সাহেদসহ চার জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুদক।
গতকাল দায়েরকৃত মামলায় যে চার জনকে আসামি করা হয়েছে তারা হলেন পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক দি ফারমারর্স ব্যাংক লি.) অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি ও তার ছেলে বকশীগঞ্জ জুট স্পিনার্স লিমিটেডের পরিচালক মো. রাশেদুল হক চিশতি, রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মো. সাহেদ ও রিজেন্ট হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মো. ইব্রাহিম খলিল।
গতকাল দায়েরকৃত মামলার অভিযোগে বলা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে ২০১৫ সালে অসত্ উদ্দেশ্যে ক্ষমতার অপব্যবহার ও অপরাধজনক বিশ্বাসভঙ্গ করে অর্থ স্থানান্তর ও রূপান্তরের মাধ্যমে ঋণের নামে পদ্মা ব্যাংক লিমিটেডের (সাবেক দি ফারমার্স ব্যাংক লি.) গুলশান কর্পোরেট শাখা থেকে ১ কোটি টাকা যা সুদাসলসহ ২ কোটি ৭১ লাখ টাকা আত্মসাত্ করেন। যা দণ্ডবিধির ৪০৯/১০৯ ধারাসহ ১৯৪৭ সালের দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারা এবং মানিলন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ এর ৪ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।
