ইত্তেফাক রিপোর্ট
কম গুরুত্বপূর্ণ প্রকল্পে অর্থছাড় বন্ধ রাখার পর এবার থোক বরাদ্দ থেকে প্রকল্প না নেওয়ার নির্দেশনা জারি করল অর্থ মন্ত্রণালয়। পরিকল্পনা বিভাগের অধীনে চলতি ২০২০-২১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আওতায় থোক বরাদ্দ রয়েছে ৫০০ কোটি টাকা। এই টাকা বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে থোক বরাদ্দ দেওয়ার ক্ষমতা ছিল পরিকল্পনামন্ত্রীর। কিন্তু অর্থ মন্ত্রণালয় এই অর্থ পরামর্শ ছাড়া ব্যয় না করার নির্দেশ দিয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, সরকারি ব্যয়ে কৃচ্ছ্রসাধনের জন্য বিভিন্ন উদ্যোগের মধ্যে এটিও একটি।
অর্থ বিভাগের নির্দেশনায় বলা হয়েছে, সরকার ২০২০-২০২১ অর্থবছরে পরিকল্পনা কমিশনের অনুকূলে এডিপির আওতায় বিশেষ প্রয়োজনে সহায়তা তহবিলে ৫০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে। পরিকল্পনা কমিশন অর্থ বিভাগের সঙ্গে পরামর্শ ছাড়া এই তহবিল বিতরণ করতে পারবে না। নিয়ম অনুসারে এতদিন পরিকল্পনামন্ত্রী নিজ ক্ষমতাবলে ৫০ কোটি টাকার কম ব্যয় সংবলিত প্রকল্প অনুমোদন দিতে পারতেন। তবে অর্থ মন্ত্রণালয়ের এই নির্দেশনার পর চলতি অর্থবছরের জন্য তিনি আর কোনো প্রকল্প অনুমোদন দিতে পারবেন না। এর জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমতির প্রয়োজন হবে।
