পরিচালক পরিচয়ে হূদয়

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২০:১৬

 

গায়ক পরিচয়ের পাশাপাশি অভিনেতা হিসেবেও জনপ্রিয়তা পেয়েছেন দেশের অনেক সঙ্গীতশিল্পী। হূদয় খানকেও দেখা গেছে নাটকে অভিনয় করতে। তবে অভিনয়ে নিয়মিত হতে দেখা যায়নি তাকে। এবার আবারো অভিনয়ের খবরে শিরোনাম হলেন তিনি। শুধু অভিনয় নয়, প্রথমবার নির্মাতার খাতাতেও নাম লেখালেন দেশের জনপ্রিয় এই সঙ্গীতশিল্পী।

হূদয় তার নিজস্ব ইউটিউব চ্যানেলের জন্য একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ করেছেন। যেখানে অভিনয়ও করেছেন তিনি। তবে এখনো স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের নাম চূড়ান্ত হয়নি। এই চলচ্চিত্রে হূদয় ছাড়াও অভিনয় করেছেন মোনালিসা’সহ নিউইয়র্কের স্থানীয় কয়েকজন শিল্পী।

স্বল্পদৈর্ঘ্যের পুরো শুটিং হয়েছে নিউইয়র্কে। ২৫ মিনিটের এই চলচ্চিত্রে দেখা যাবে, একজন তরুণ একটা জায়গায় আটকে থাকে। সেখান থেকে বের হওয়ার চেষ্টা করলে নানা ঘটনা ঘটতে থাকে।

এ প্রসঙ্গে হূদয় বলেন, ‘ভিডিওগ্রাফি করার কাজটা আমি অনেক আগে থেকেই করি। তবে পেশাদারভাবে কখনো কাজ করা হয়নি। আমি চেষ্টা করেছি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রটি নির্মাণ করার। বাকিটা দর্শকরা বলতে পারবেন।’