নির্মাতা আশফাক নিপূণ। নতুন বছরে বেশকিছু কাজ নিয়ে শুরু হয়েছে ব্যস্ততা। পাশাপাশি এ বছর চলচ্চিত্রও শুরু করতে যাচ্ছেন তিনি। সার্বিক এই বিষয়গুলো নিয়ে কথা বলেছেন বিনোদন প্রতিদিনের সঙ্গে। সাক্ষাত্কার নিয়েছেন মোস্তাফিজ মিঠু
নতুন বছরের কাজের ব্যস্ততা প্রসঙ্গে শুরুতে জানতে চাই—
এখন পর্যন্ত কোনো কাজ শুরু করিনি। কারণ নির্বাচন মাত্র শেষ হলো। এই ক’দিন মূলত নির্বাচনের জন্য কাজ করা হয়নি। তবে এখন আবারো কাজ শুরু করতে যাচ্ছি। ভালোবাসা দিবসের জন্য বেশ কয়েকটি কাজ করবো এবার। আইফ্লিক্সের জন্য ‘টি স্টল’ নামের একটি শর্টফিল্ম নির্মাণ করবো। শর্টফিল্মটি নিয়ে এখনো চূড়ান্ত কিছু হয়নি। এছাড়াও ‘বায়োস্কোপ’ ও টিভি চ্যানেলের জন্য নাটক নির্মাণ করবো।
এখন অনেক নির্মাতা ওয়েব সিরিজ নির্মাণে নিয়মিত হচ্ছেন। আপনার এ নিয়ে পরিকল্পনা কী?
ওয়েব সিরিজ নিয়ে আমিও কাজ শুরু করেছি। কলকাতার ‘হৈচৈ’ অ্যাপটি আমাদের দেশেও দেখা যাবে শিগগিরই। এই প্লাটফর্মটির জন্য একটি ওয়েব সিরিজ নির্মাণ করতে যাচ্ছি। কথাবার্তা অনেকদূর এগিয়ে আছে। ৮ পর্বে এই ওয়েব সিরিজটি নির্মিত হবে।
আমাদের দেশে ওয়েব সিরিজের জনপ্রিয়তা এখন পর্যন্ত কেমন মনে করেন?
আমাদের দর্শক এখন অভ্যস্ত ইউটিউব দেখতে। যেখানে ডাটা খরচ ছাড়া কন্টেন্ট দেখতে কোনো অর্থ খরচ করতে হয় না। কিন্তু ওয়েব সিরিজগুলো মূলত নির্মাণ হয় স্ট্রিমিং সাইটগুলো জন্য। একটি ভালো বাজেট নিয়ে নির্মাণ করা হয়। এখন সেগুলো দেখতে দর্শকদের নূন্যতম একটি চার্জ দিয়ে অ্যাপগুলোতে গিয়ে দেখতে হবে। চার্জ দিয়ে কন্টেন্ট দেখার চর্চাটা আমাদের এখানে সেভাবে এখনো শুরু হয়নি।
ইউটিউবের দর্শক যেভাবে বাড়ছে সেই জায়গা থেকে টিভি নাটকের দর্শক অদূর ভবিষ্যতে থাকবে বলে মনে করেন?
টিভি নাটকের দর্শক এখনই নেই। আমাদের দেশে বর্তমানে বেশিরভাগ নাটক নির্মাণ হয় তরুণদের গল্প নিয়ে। তরুণরা এখন আর টিভিতে নাটক দেখার জন্য বসে থাকে না। বিটিভির নাটক বা তার পরবর্তীতে কিছু বেসরকারি চ্যানেলের নাটকগুলো নির্মাণ হতো সব ধরনের দর্শকদের জন্য। কিন্তু এখন সেই চর্চাটা কমেছে। তরুণরা তাদের পছন্দের নাটক ইউটিউবেই দেখে নেয়। চ্যানেলগুলোও জানে তাদের চ্যানেলে কেউ নাটক দেখবে না। তাদেরও নিজস্ব ইউটিউব চ্যানেল রয়েছে, সেখানেই তারা নাটকগুলো প্রচার করে। এমনকি তারা বলে দিচ্ছে নাটকে যেন অরিজিনাল মিউজিক ব্যবহার করা হয়। শুধু তাই নয়, চ্যানেলগুলো এখন মাস্টার কপির আগে ইউটিউব কপি চায়। চ্যানেলের সংশ্লিষ্টরা যখন ইউটিউব কপির জন্য পাগল হয়ে যায় তখন আসলে বোঝা যায় আমাদের টিভির অবস্থা কী।
আপনার সমসাময়িক অনেকেই চলচ্চিত্র নির্মাণে এসেছেন। এই তালিকায় আপনাকে কবে পাওয়া যাবে?
চলচ্চিত্রের বিষয়টি অনেকটা চূড়ান্ত হয়ে গেছে। এ বছর হয়তো আমার চলচ্চিত্র দর্শকরা দেখতে পাবেন।
