সব দুর্যোগেই আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১১

পানিসম্পদ উপমন্ত্রী ও শরীয়তপুর-২ আসনের সংসদ সদস্য এ কে এম এনামুল হক শামীম বলেছেন, চরাঞ্চলে যোগাযোগ এখন দুর্গম হলেও আমরা ট্রলারে গিয়ে শুকনো খাবার ও নগদ অর্থ পৌঁছে দিচ্ছি। প্রতিদিনই আমাদের কোনো না কোনো ইউনিয়নে ত্রাণ কার্যক্রম অব্যাহত থাকবে। অতীতে সব দুর্যোগেই আওয়ামী লীগ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে।

গতকাল দুপুরে শরীয়তপুরের নড়িয়া ও সখিপুরে বন্যায় পানিবন্দি মানুষদের আওয়ামী লীগ ও তার নিজের মায়ের নামে গড়া ‘বেগম আশ্রাফুন্নেসা ফাউন্ডেশন’ পক্ষে ত্রাণ বিতরণকালে তিনি এসব কথা বলেন।

পানিসম্পদ উপমন্ত্রী বলেন, বন্যা পরিস্থিতিতে কোমর সমান, গলা সমান পানিতে নেমে বাড়ি বাড়ি গিয়ে শুকনো খাবার পৌঁছে দেওয়া হচ্ছে। নড়িয়া-সখিপুরে প্রতিদিন ১ হাজার ৫০০ করে শুকনো খাবার ছাত্রলীগের মাধ্যমে পৌঁছে দেওয়া হচ্ছে। এছাড়া যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগসহ আওয়ামী লীগের সব সংগঠন বন্যাদুর্গত মানুষের সেবায় কাজ করছে। এই দুর্যোগে বন্যার্তদের জন্য সরকার ও দলের সব সহযোগিতা অব্যাহত থাকবে।