আওয়ামী লীগ সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছে :রিজভী

আপডেট : ২৯ জুলাই ২০২০, ০০:১৪

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, ‘সুষ্ঠু নির্বাচনকে আওয়ামী লীগ জাদুঘরে পাঠিয়ে দিয়েছে। আওয়ামী মার্কা নির্বাচন, আওয়ামী লীগ মার্কা নির্বাচন; সেই নির্বাচনে ভোটার দরকার পড়েনি, সেই নির্বাচনকে তারা প্রতিষ্ঠিত করেছে। দেশে এখন ‘সুষ্ঠু’ নির্বাচন হলে আওয়ামী লীগের পাত্তা থাকবে না। সে কারণেই দেশে এখন নাগরিক স্বাধীনতা, মতপ্রকাশের স্বাধীনতা নেই। মতপ্রকাশের স্বাধীনতা থাকলে তো কথা বলবে। এই যে অন্যায়, অনাচার, এই যে জিকেজি, রিজেন্ট হাসপাতাল, এই যে করোনার জাল সার্টিফিকেট—এগুলোর বিরুদ্ধে মানুষ সোচ্চার হবে, রাস্তায় নামবে।’

গতকাল রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাসের উদ্যোগে এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

রিজভী বলেন, ‘তারা চলে যাচ্ছে দেশের বাইরে ভালো থাকার জন্য। শুনেছি তাদের অনেকেরই কানাডায় বেগমপল্লিতে বাড়ি আছে, কারো নাকি সেকেন্ড হোম মালয়েশিয়ায়। ক্ষমতাসীন নেতারা বহু টাকা পাচার করেছেন—এমন অভিযোগ করেন বিএনপির এ নেতা।

জাসাসের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক জাকির হোসেন রোকনের পরিচালনায় এ অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র থেকে টেলিফোনে যোগ দিয়ে বক্তব্য দেন সংগঠনের সাধারণ সম্পাদক হেলাল খান। অন্যদের মধ্যে ইয়ুথ বাবু, রফিকুল ইসলাম, জাহাঙ্গীর আলম রিপন, মীর সানাউল হক, হাসান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।