অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র এস-৪০০ চীনের কাছে সরবরাহ স্থগিত করেছে রাশিয়া। প্রায় পাঁচ মাস থেকে এর সরবরাহ বন্ধ রয়েছে। পুনরায় কবে নাগাদ সরবরাহ চালু হবে বা আদৌ হবে কিনা সে সম্পর্কে কিছুই জানায়নি রাশিয়া।
চীনা গণমাধ্যমের বরাত দিয়ে এই খবর প্রকাশ করেছে ভারতীয় একাধিক মিডিয়া। বলা হচ্ছে, দেশ দুইটির কূটনৈতিক দ্বন্দ্বের কারণে রাশিয়া এই সিদ্ধান্ত নিয়েছে।
চীনের 'সোহু' পত্রিকার বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে, মিসাইল সিস্টেমটি সরবরাহ নিয়ে একাধিক জটিলতার বিষয় তুলে ধরেছে মস্কো। যেমন, এই সিস্টেম পৌঁছে দিতে এবং এর ব্যবহারের জন্য প্রশিক্ষণ দিতে রুশ সেনা কর্মকর্তাদের চীন যেতে হবে। একইভাবে চীনা সেনা কর্মকর্তাদেরও প্রশিক্ষণের জন্য রাশিয়া আসতে হতে পারে। কিন্তু করোনা মহামারির আবহে তা সম্ভব নয়। তাই আপাতত অস্ত্রগুলো সরবরাহ করা সম্ভব নয়।
তবে প্রতিরক্ষা বিশেষজ্ঞদের মতে, সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে মস্কো ও বেইজিংয়ের সম্পর্কে ফাটল ধরেছে। চীনের হাতে গোপন তথ্য তুলে দেওয়ার অভিযোগে, সেন্ট পিটার্সবার্গ আর্কটিক সোশ্যাল সায়েন্স অ্যাকাডেমির প্রেসিডেন্ট বেলেরি মিটকোকে গ্রেপ্তার করেছে রাশিয়া।
এছাড়া এক বিবৃতি দিয়ে বেইজিং অভিযোগ করেছে, তৃতীয় কোনো দেশের (ভারত) ইশারাতেই তাদের মিসাইল ডিফেন্স সিস্টেম সরবরাহ করতে চাইছে না রাশিয়া। নাম উল্লেখ না করলেও ভারতের দিকেই যে ইঙ্গিত করেছে বেইজিং তা স্পষ্ট।
হিন্দুস্তান টাইমস, জাস্টআর্থনিউজ
ইত্তেফাক/এসআর
