শাহরাস্তিতে বাস-সিএনজির মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

আপডেট : ২৯ জুলাই ২০২০, ১৮:১৮

চাঁদপুরের শহরাস্তি উপজেলায় বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ৩ জন নিহত হয়েছেন। বুধবার (২৯ জুলাই) দুপুর ১টার দিকে  চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের উপজেলার মেহের উত্তর ইউনিয়নের কাকৈরতলা এলাকা এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় আরও ৩ জন আহত হয়েছেন। 

নিহতরা হলেন-শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের সিএনজি চালক মনির হোসেন (২৪), অটোরিকশার যাত্রী ফেনীর সোনাগাজীর চরচান্দিয়া এলাকার গুণধর চক্রবর্তী (৭০) এবং নোয়াখালী জেলার সুবর্ণচর গ্রামের আমানুল্লাহ গ্রামের হরিপদ চক্রবর্তী (৫০)।

স্থানীয়রা জানান, নিহত সিএনজির যাত্রীরা মেহের উত্তর ইউনিয়নের থানেশ্বর ঠাকুরবাড়িতে আত্মীয়র শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিয়ে ফেরার পথে ঢাকা থেকে চাঁদপুরগামী পদ্মা বাসের সঙ্গে এ সংঘর্ষ হয়। 

 আরও পড়ুন: মেহেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শাহ আলম জানান, বাস ও সিএনজির সংঘর্ষে ঘটনাস্থলেই ৩ জন মারা গেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়েছে।

তিনি বলেন, সিএনজি অটোরিকশাটি রংসাইডে গেলে পদ্মা বাসের সাথে সিএনজি অটোরিকশার সংঘর্ষ হয়। তিনজনের মরদেহ থানায় আনা হয়েছে। 

ইত্তেফাক/এএএম