প্রত্যাশা পূরণের পথে বাধা

আপডেট : ২৯ জুলাই ২০২০, ২১:৩৪

রে জা উ ল  ক রি ম  খো ক ন

 

কিয়ারা আদভানি অনেক প্রত্যাশা নিয়ে ছক এঁকেছিলেন। চলতি বছরে তার ক্যারিয়ার বেশ অনেকটা এগিয়ে যাবে—এমনটি ভেবেছিলেন বলিউডের উঠতি এই তন্বী অভিনেত্রী। এ বছরের মার্চে জনপ্রিয় অনলাইন স্ট্রিমিং সাইট নেটফ্লিক্সে মুক্তি পায় তার অভিনীত সাসপেন্স থ্রিলার ‘গিল্টি’। করন জোহর প্রযোজিত এ ছবির প্রধান একটি চরিত্রে অভিনয় করেছেন কিয়ারা। গত মার্চে মুক্তিপ্রাপ্ত আরেকটি হিন্দি সিনেমা ‘আংরেজি মিডিয়াম’-এর একটি গানের দৃশ্যে তাকে আরো বেশ ক’জন বলিউড অভিনেত্রীর সঙ্গে পারফরমেন্স করতে দেখা গেছে। ২০২০ সাল বেশ ভালোভাবেই শুরু হয়েছিল কিয়ারা আদভানির। গত মে মাসে মুক্তির কথা ছিল তার অভিনীত ‘লাক্সমি বাম্ব’ ছবিটি। হরর অ্যাকশন ধাঁচের এ ছবির প্রধান তারকা অক্ষয় কুমার হলেও প্রধান নারী চরিত্রে কিয়ারা অভিনয় করেছেন। দক্ষিণী সিনেমার হিন্দি রিমেক ‘লাক্সমি বাম্ব’ ছবিটি কিয়ারার ক্যারিয়ারে নতুন মাত্রা যুক্ত করবে বলে ধারণা করা হচ্ছে। গত জুন মাসে তার অভিনীত কমেডি রোমান্টিক ধাঁচের সিনেমা ‘ইন্দু কি জাওয়ানি’ মুক্তির জন্য নির্ধারিত ছিল। এ ছবিতে নতুন মুখ আদিত্য শীলের বিপরীতে অভিনয় করেছেন এই সময়ের তরুণ প্রজন্মের মনে সেনসেশন সৃষ্টিকারী অভিনেত্রীটি। এই জুলাইয়ে মুক্তি পাওয়ার কথা ছিল কিয়ারা অভিনীত আরেকটি নতুন হিন্দি সিনেমা ‘শের শাহ’। একজন ভারতীয় বীর সেনানীর বাস্তব জীবনের গল্প নিয়ে নির্মিত বায়োপিকটিতে সিদ্ধার্থ মালহোত্রার বিপরীতে তাকে প্রধান নায়িকা চরিত্রে দেখা যাবে। আগামী অক্টোবরে কিয়ারার আরেকটি নতুন সিনেমা ‘ভুল ভুলাইয়া টু’ মুক্তির কথা রয়েছে। হরর কমেডি ধাঁচের এ ছবিতে নতুন প্রজন্মের জনপ্রিয় অভিনেতা কার্তিক আরায়ানের বিপরীতে তাকে দেখা যাবে। এ বছর নিজের অভিনীত ছবিগুলো একে একে দর্শকদের সামনে আসবে, যার সুবাদে কিয়ারা আদভানি বাজিমাত করবেন; তার ক্যারিয়ারের ভিত্তি আরো পাকাপোক্ত হবে—ধারণা ও প্রত্যাশা করেছিলেন। কিন্তু তার সব চিন্তা-ভাবনা, পরিকল্পনা তছনছ হয়ে গেছে বৈশ্বিক মহামারি করোনার ভয়াবহ প্রকোপে। সিনেমা হলগুলোতে ছবির প্রদর্শনী বন্ধ রয়েছে গত মার্চ মাস থেকে লকডাউনের প্রেক্ষিতে। এমন বাস্তবতায় অন্য অনেক তারকার মতো এখন বাড়িতে নিরাপদ অবস্থানে স্বেচ্ছাবন্দী জীবনযাপন করছেন কিয়ারাও। ২৭ বছর বয়সী এই অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ফাগলি’ মুক্তি পায় ২০১৪ সালে। যদিও ছবিটি তেমন ভালো সাড়া জাগাতে পারেনি। তবে পরবর্তী সময়ে ২০১৬ সালে ‘এম এস  ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’ বায়োপিকে তার উজ্জ্বল উপস্থিতি সবার নজর কাড়ে। এ ছবির মাধ্যমে তার খ্যাতি ও জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। এরপর নেটফ্লিক্সে প্রদর্শিত সিনেমা ‘লাস্ট স্টোরিজ’-এ দাম্পত্য জীবনে অতৃপ্ত অসুখী এক তরুণী গৃহবধূর চরিত্রে তার অনবদ্য অভিনয় বেশ সাড়া জাগায়। এছাড়া শহিদ কাপুরের বিপরীতে সুপারহিট সিনেমা ‘কবির সিং’-এ তার স্নিগ্ধ প্রাণবন্ত উপস্থিতি ঘরে ঘরে বিপুল জনপ্রিয় করে তুলেছে কিয়ারাকে। গত বছর ‘কবির সিং’ ছবির বিরাট সাফল্যের ধারাবাহিকতায় তার অভিনীত আরেকটি সিনেমা ‘গুড নিউজ’ও বড় ধরনের সাফল্য পায়। সব মিলিয়ে নিজের ক্যারিয়ারের ধারাবাহিক সাফল্য ও উত্থান কিয়ারাকে অনেকটাই আশাবাদী ও উচ্চাভিলাসী করে তুলেছিল। কিন্তু করোনার ভয়াবহ আক্রমণে স্বপ্নভঙ্গের হতাশা ও দুঃখ-বেদনা তাকে আজ কুঁড়ে কুঁড়ে খাচ্ছে। কবে আবার পরিস্থিতি স্বাভাবিক হবে, আগের মতো সুসময় ফিরে আসবে তার প্রতীক্ষায় প্রহর গুনছেন বলিউডের সম্ভাবনাময় সুন্দরী এই অভিনেত্রী।