শায়েস্তাগঞ্জে শীতবস্ত্রের দোকানে ক্রেতাদের ভিড়

আপডেট : ০৬ জানুয়ারি ২০১৯, ২১:১৩

আবদুল হক রেনু, শায়েস্তাগঞ্জ (হবিগঞ্জ): শায়েস্তাগঞ্জে শীতের তীব্রতা বাড়ার সাথে সাথে ভিড় বাড়ছে ফুটপাতের পুরাতন শীতবস্ত্রের দোকানগুলোতে। বিশেষ করে শিশু ও বৃদ্ধদের কাপড়-চোপড় কেনার চাহিদা সবচেয়ে বেশি। এখানে সকাল থেকে রাত পর্যন্ত চলে বেচা-কেনা। বিগত বছরগুলোতে পৌষ মাস থেকে পুরোদমে বেচা-কেনা শুরু হলেও এ বছর আগে থেকেই শুরু হয়েছে পুরনো কাপড়ের দোকানে। এ বছর নিজেদের সাধ্যের মধ্যে পণ্য পেয়ে অনেক খুশি ক্রেতারা। অন্যদিকে স্বল্প পুঁজিতে অধিক লাভে বিক্রি করায় হাসি ফুটেছে বিক্রেতাদের মুখে।

সরেজমিনে দেখা যায়, শীত উপলক্ষে শায়েস্তাগঞ্জ নতুন ব্রিজ, শায়েস্তাগঞ্জ পৌর শহরের পুরান বাজার, দাউদনগর বাজার, পৌর মার্কেটসহ উপজেলার বিভিন্ন বাজারে বসেছে পুরনো কাপড় বেচার মৌসুমী দোকান। আর এসব দোকানে প্রতিদিনই রীতিমতো ভিড় করছেন নিম্ন ও মধ্য আয়ের মানুষ।

পুরাতন কাপড় বিক্রেতা রাজন আদিত্য, নানু মিয়া ও আইয়ুব আলী জানান, এ বছর আগে থেকে শীত পড়ায় শীতের পোশাক বেশি বিক্রি হচ্ছে। এতে করে আমাদেরও মোটামোটি ভাল লাভ হচ্ছে। এসব দোকান আমরা শুধু শীতের সময়েই করে থাকে। বছরের বাকি দিনগুলোতে অন্য ব্যবসার কাজ করে থাকি। ক্রেতা সুফি মিয়া ইদ্রিছ মিয়া আনোয়ারা বেগম বলেন, পুরাতন এসব শীতের কাপড়ের দোকানগুলোতে সাধ্যের ভিতর অনেক ভালো পোশাকও পাওয়া যাচ্ছে। এতে আমাদের খরচও অনেক কম হয়। সাধ্যের মধ্যে এখান থেকেই ভাল শীতের পোশাক কিনে নিচ্ছি                 —ইত্তেফাক