এই সময়ের ছড়া
ফারুক হোসেন
ঘর থেকে মীর বাইরে যাচ্ছে,
আসছে, যাচ্ছে, যাচ্ছে, আসছে,
বাজার করছে, আড্ডা দিচ্ছে,
ঘোরাঘুরি শেষে বাড়িতে ফিরছে,
আগে যা করত এখনো করছে,
রোদে পুড়ে মেঘে ভিজেও মরছে,
খাটতে খাটতে ক্লান্ত হচ্ছে,
ঘরেফিরে ঘুমে শান্ত হচ্ছে,
খাচ্ছে বাইরে যা কিছু পাচ্ছে,
এভাবেই দিন কেটেও যাচ্ছে।
আবার নুর আলী ঘরেই থাকছে,
নিজেকে কেবল লুকিয়ে রাখছে,
কাজে ও অকাজে সময় কাটছে,
এদিকে মিনিট ঘণ্টা হাঁটছে,
ঘরেই ব্যস্ত শরীরচর্চা,
ঘরেই গল্প নানান কড়চা,
বাইরে যাবার চিন্তা বন্ধ,
ঘরের দুলাল বন্দি নন্দ।
অন্যরা বলে, ঠিকই করছো,
বাইরে গেলেই কিন্তু মরছো।
নুর পজিটিভ করোনা টেস্টে
কী হলো বাসায় থেকেই রেস্টে?
মীর নেগেটিভ, কিছুই মানে না,
কেন নেগেটিভ সেটা সে জানে না।
