১৫ দিনের কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা
পটিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
চট্টগ্রামের পটিয়া পৌরসভার শ্রীমাই ব্রিজ এলাকা থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় ৩টি বালু ভর্তি পিক-আপ ও ১টি খালি মিনি পিক-আপসহ ৪ জনকে আটক করে পুলিশ। গতকাল রবিবার সকালে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহামেদ সানির নেতৃত্বে পটিয়া থানার একদল পুলিশ এ অভিযান চালায়। আটককৃতরা হলেন- কচুয়াই ইউনিয়নের চক্রশালা গ্রামের আহমদ নবীর পুত্র মোহাম্মদ হারুন (২৫), পৌরসভা শেয়ানপাড়া এলাকার জামাল হোসেনের পুত্র মিজানুর রহমান (৩৫), উপজেলার আলমদারপাড়া এলাকার বাদশা মিয়া লেদুর পুত্র ইখতিয়ার হোসেন (২৫) ও চন্দনাইশ উপজেলার পশ্চিম এলাহাবাদ এলাকার মৃত জহির আহমদের পুত্র মো: জসিম উদ্দিন (৩০)।
জানা যায়, উপজেলার কেলিশহর, হাইদাগাঁও, খরনা ও পৌরসভার শ্রীমাই খাল থেকে দীর্ঘদিন ধরে একটি মহল অবৈধভাবে বালু ও ধানি জমি থেকে টপসয়েল কেটে ব্যবসা করে আসছিল। গতকাল সকালে পটিয়া পৌরসভার শ্রীমাই ব্রিজের পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলন কালে কক্সবাজার-ড-১১-০০১৯, চট্টমেট্রো ড-১১-১৮৬২, ও নাম্বারবিহীন দুইটিসহ মোট ৪ পিকআপ ও ৪ জনকে আটক করে পুলিশ।
এ ব্যাপারে পটিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির আহামেদ সানি জানান, পৌরসদরে অবৈধভাবে বালু উত্তোলনকালে ৪টি পিক-আপসহ ৪ জনকে আটক করা হয়েছে। ভ্র্যাম্যমাণ আদালতে প্রত্যেককে ১৫ দিন বিনাশ্রম কারাদণ্ড ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে। মোট জরিমানা অনাদায়ে প্রত্যেক অপরাধীকে ৩ মাস অতিরিক্ত কারাদণ্ড প্রদান করা হয়।
